দীর্ঘ বিরতির পর গাঙ্গুলির সেঞ্চুরি, ইনিংস পরাজয়ের মুখে জিম্বাবুয়ে
দীর্ঘ বিরতিতে অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণের সময়োপযোগী সেঞ্চুরির কল্যাণে ভারতের প্রথম ইনিংসে পাহাড়সম ৫৫৪ রানের সংগ্রহ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৭ রানে ছয় উইকেট হারিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে একদম কোনঠাসা হয়ে পড়েছে।
ইনিংস পরাজয় এড়াতে জিম্বাবুয়েকে আরও ২০৮ রান করতে হবে। হাতে রয়েছে মাত্র চার উইকেট। অধিনায়ক তাতেন্দা তাইবু ৩০ রানে অপরাজিত রয়েছেন।
জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে তিনশ’র নিচে অলআউট করে দেওয়ার নায়ক ফাস্ট বোলার ইরফান পাঠান দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন। ছয় উইকেটের মধ্যে তিনিই নিয়েছেন চারটি। প্রথম ইনিংসে তিনি ৫৮ রানে পাঁচ উইকেট নেন।
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে এক পর্যায়ে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। টাইবু ও চার্লস কভেন্ট্রি ষষ্ঠ উইকেট জুটিতে ৪৯ রান সংগ্রহ করেন।
এর আগে গাঙ্গুলি তার ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি করেন। ১০১ রানে আউট হওয়ার আগে তিনি টেস্ট ক্রিকেটে পাঁচ হাজারি ক্লাবের সদস্যও হয়ে যান। লক্ষণ ইনিংস সর্বোচ্চ ১৪০ রান করে রান আউট হয়ে যান।
খেলা শেষে গাঙ্গুলি বলেন, গত ছয় মাসেরও বেশি সময় ধরে আমার মধ্যে যে হতাশা কাজ করছিল, এ সেঞ্চুরির তা থেকে মুক্তি দিল। গত ১৪ ইনিংসে এটাই তার প্রথম সেঞ্চুরি।
গাঙ্গুলি বলেন, আমি জানি ইনিংসের পুরোটা সময় ভাল ব্যাট করতে পারিনি। তবে এই সেঞ্চুরি আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে। যদিও এটা উল্লেখযোগ্য কোন ইনিংস ছিল না, তারপরও যে পরিস্থিতিতে আমি সেঞ্চুরিটি করতে সমর্থ হয়েছি, তার জন্য আমি সন্তুষ্ট।
ডানহাতি ব্যাটসম্যান লক্ষণ নিজেও চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
ভারতের ইনিংসের শেষের দিকে ইরফান পাঠান তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন।
