প্রাণ কোলা স্কুল ফুটবলের দ্বিতীয় পর্ব শনিবার থেকে
প্রাণ কোলা এবং বাংলাদেশে ফুটবল ফেডারেশন আয়োজিত স্কুল ফুটবলের দ্বিতীয় পর্ব শনিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে। ১০ টি দল এই পর্বে অংশ নিচ্ছে।
ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার শনিবার তিনটায় এর উদ্বোধন করবেন। প্রথম দিনে গতবারের চ্যাম্পিয়ন ধোলাইপাড় হাইস্কুল এবং রায়ের বাজার হাইস্কুলের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরপর গতবারের রানার্স আপ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং উত্তরার ইমারত হোসেন হাইস্কুলের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরামবাগে অবস্থিত ফুটবল ফেডারেশন ভবনে বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির সচিব আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে প্রাণ কোলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহসান চৌধুরী এবং জাতীয় ফুটবলাররা উপস্থিত ছিলেন।
পরে লটারির মাধ্যমে বিভিন্ন দলের মধ্যকার খেলা নির্ধারিত হয়। জাতীয় ফুটবল দলের বর্তমান এবং সাবেক তারকা আলফাজ, আরমান, জয়, সুজন, বিপ্লব, হাসান আল মামুন এবং টিপু লটারিতে অংশ নেন।
লটারিতে গতবারের চ্যাম্পিয়ন ধোলাইপাড় হাইস্কুল এবং গতবারের রানার্স আপ রেসিডেন্সিয়াল মডেল কলেজকে দু’টি দলে রাখা হয়।
সংবাদ সম্মেলনে চুন্নু বলেন, বাছাই করা প্রায় একশ খেলোয়াড়কে ফিফার সি ক্যাটেগরির কোচের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে।
মোট ১০ টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছে এবং প্রতি গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে অংশ নেবে। দুই অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এর আগে পাঁচটি অঞ্চলের ৬০ টি দল টুর্নামেন্টের প্রাথমিক পর্বে অংশ নেয়।
