বুলাওয়েতে বড় সংগ্রহের পথে ভারত
বুলাওয়েতে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বড়সড় স্কোর গড়ার দিকে এগুচ্ছে ভারত।
স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ২৭৯ রানের জবাবে তিন উইকেটে ৩২৫ রান করে ৪৬ রানে এগিয়ে গেছে সফরকারীরা।
বড় স্কোর গড়ার পথে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ভিভিএস লক্ষ্মণ। লক্ষ্মণ ১২৫ রান করে অপরাজিত রয়েছেন, সাথে আছেন অধিনায়ক গাঙ্গুলি ২৩ রানে। এটা লক্ষ্মণের অষ্টম টেস্ট সেঞ্চুরি।
আগের দিনের সাত উইকেটে ২৬৫ রান নিয়ে খেলতে নেমে মাত্র ২৮ মিনিটেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ইরফান পাঠান পাঁচ এবং জহির খান তিন উইকেট নিয়ে জিম্বাবুয়েকে অল্প সংগ্রহের মধ্যে বেঁধে ফেলেন।
দুই ওপেনার ৮৮ রান করে ভারতকে দারুন সূচনা এনে দেন। ওপেনার বীরেন্দর শেওয়াগ স্বভাবসুলভ ৪৮ বলে ৪৪ রান করে মাওইরির বলে বোল্ড হয়ে যাওয়ার পর দশ রান পর আরেক ওপেনার গৌতম গম্ভীর আউট হয়ে গেলে কিছুটা চাপের মধ্যে পড়ে ভারত।
কিন্তু পরের জুটিতে রাহুল দ্রাবিড় আর লক্ষ্মণ সেই চাপটাকে আর বাড়তে দেননি। দলের রানকে ২২৮ নিয়ে এই জুটি বিচ্ছিন্ন হয়। ৭৭ রান করে আউট হন দ্রাবিড়। এরপর অধিনায়ক গাঙ্গুলিকে সাথে নিয়ে দিনটি পার করে দেন লক্ষ্মণ।
ভারতের তিনটি উইকেটই নিয়েছেন হিথ স্ট্রিকের নতুন বলের সঙ্গী মাওইরি।
