জুয়েল রানার অবস্থার অবনতি
সাবেক জাতীয় ফুটবলার এবং বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের খেলোয়ার আহত জুয়েল রানার শারীরিক অবস্থার বুধবার আরও অবনিত ঘটেছে। সকাল থেকে তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো।
সোমবার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার প্লেঅফ ম্যাচে মোহামেডানের পিটার ওদাফের সাথে সংঘর্ষে মাথা ফেটে গেলে মাঠ ত্যাগ করেন জুয়েল রানা। পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বিডিনিউজকে বলেন, জুয়েল মঙ্গলবারও সুস্থবোধ করেছে, সিটি স্ক্যান রিপোর্টেও সবকিছু ঠিকঠাক ছিল এবং বুধবারই তার হাসপাতাল ত্যাগ করার কথা ছিল। কিন্তু সকাল থেকেই তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
আমের জানান, চিকিৎসকরা তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখবেন এবং সে সুস্থ না হওয়া পর্যন্ত বিজয় উৎসবের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
