২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেন ইয়ো কিউ কাল্ট পুল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর

দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল টেলিফোন কোম্পানী সিটিসেলের পৃষ্ঠপোষকতায় ২২ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে জেন ইয়ো কিউ কাল্ট পুল টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

টুর্নামেন্টের চুড়ান্ত পর্ব ২৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

জাতীয় ক্রীড়া পরিষদে বুধবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সিটিসেলের মার্কেটিং ও সেলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ফরহাদ আলম। সম্মেলনে বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব উপস্থিত ছিলেন।

সম্মেলনে ফরহাদ আলম বলেন, বর্তমান তরুণ প্রজন্ম স্নুকার, বিলিয়ার্ড, পুল এবং ক্যারমের মত সৃষ্টিশীল কিউ গেমসে প্রচুর সময় ব্যয় করছে এবং আমরা এ ক্ষেত্রে তরুনদের আরও সুযোগ তৈরী করে দিতে চাই যাতে করে তারা আন্তর্জাতিক পরিমন্ডল থেকে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে।

সৈয়দ মাহাবুব জানান, এই টুর্নামেন্ট থেকে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহনের জন্য প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা হবে। সিটিসেল ভবিষ্যতেও এই খেলায় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন সৈয়দ মাহাবুব।

টুর্নামেন্টে ১০৫টি পুল ক্লাবের ২৫০ থেকে ৪০০ খেলোয়াড় অংশ নেবে বলে আশা করছে আয়োজকরা।

আগ্রহী খেলোয়াড়রা বনানীর ‘পুল লাভারস’, বেইলী রোডের ‘ওয়েগা জোন’ এবং ধানমন্ডির ‘রেক অ্যান্ড কিউ’ থেকে ৫০০ টাকার বিনিময়ে এন্ট্রি ফরম সংগ্রহ করতে পারবেন।