জিম্বাবুয়ে ভারতকে ভালভাবেই মোকাবেলা করছে
বুলাওয়ে টেস্টের প্রথম দিনে স্বাগতিক দেশ জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সফরকারী ভারতের শক্তিশালী বোলিং আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন।
প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ে সাত উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করেছে। অধিনায়ক তাতেন্দা টাইবু ৬১ রানে ও কিথ দাবেঙ্গবা ৩৫ রানে অপরাজিত রয়েছেন। অভিষিক্ত ব্যাটসম্যান টেরি ডাফিন ৫৬ রান করেছেন।
ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাহাতি ফাস্ট বোলার জহির খান। তিনি ৬৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। অপর বাহাতি ইরফান পাঠান ও লেগ স্পিনার অনিল কুম্বলে প্রত্যেকে দুইটি করে উইকেট লাভ করেছেন।
দিনের শুরুতে জহির ব্রেন্ডন টেলর (১৩) ও মাসাকাদজাকে (১৪) আউট করেন। খেলার এক পর্যায়ে জিম্বাবুয়ে ২০৭ রানে সাত উইকেট হারিয়ে বসে। সেখান থেকে উইকেট-কিপার ব্যাটসম্যান টাইবু ও দাবেঙ্গবা অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে ৫৮ রান সংগ্রহ করেন।
পাঠান ডাফিন ও ডিওন ইব্রাহিমকে (২৪) ফিরিয়ে দেন।
চা বিরতির পর লেগ স্পিনার কুম্বলে হিথ স্ট্রিক (২৭) ও চার্লস কভেন্ট্রিকে (২) অল্পরানের ব্যবধানে আউট করেন।
