২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ের একই দশা

প্রথম ইনিংসে শ্রীলংকা ১৮২ রানের যে লিড নেয় সেটাকে আহামরি কিছু বলা যায় না। কিন্তু তাকেই কঠিন একটা স্কোরে পরিনত করে ফেললেন ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ৩৫ রান উঠতেই তিন উইকেট উধাও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

প্রথম ইনিংসের মত এই ইনিংসেও আত্মাহুতি দেয়ার উৎসবে মাতলেন জাভেদ, শাহরিয়ার নাফিস আর আশরাফুল। কিন্তু সূচনাটা মোটেই খারাপ করেননি জাভেদ, শ্রীলংকার বোলারদের বুড়ো আঙ্গুল দেখিয়ে নয় রান তুলেই যেন ধৈর্য হারিয়ে ফেলেন জাভেদ।

ক্রিকেট খেলাটা যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে ক্রমেই দুরূহ হয়ে উঠছে। অবশ্য শাহরিয়ারের আউটটির জন্য তাকে দোষ দেয়া যায় না। কারণ মুরলিধরনের ছুঁড়ে দেয়া ‘দুসরা’ শাহরিয়ার কিছু বুঝে উঠার আগেই তার দু’পায়ের ফাঁক গলে স্ট্যাম্পে আঘাত হানে। এরপর আশরাফুল এলেন আর গেলেন, কোন রানের দেখা পেলেন না।

বাংলাদেশের ভাগ্য ভালোই বলতে হবে, তা নাহলে খেলার শেষ মুহূর্তে কেনইবা আলোর স্বল্পতা দেখা দেবে আর কেনইবা পরে বৃষ্টি আর্শীবাদ হয়ে দেখা দেবে। বৃষ্টিকে আর্শীবাদ বলতে হচ্ছে কারন এক মোহাম্মদ রফিকই যেখানে পাঁচ উইকেট নিয়ে শ্রীলংকার ভীত নড়িয়ে দেন সেখানে মুরলিতো মাত্র সূচনা করেছেন। নির্ধারিত সময়ে বাংলাদেশের অবস্থা কি হতো তা বোধকরি একমাত্র অন্তর্যামীই জানেন।

অথচ ব্যাটসম্যানরা যা করে দেখাতে পারেননি, তাই করে দেখিয়েছেন বোলাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শ্রীলংকাকে প্রথম ইনিংসে ৩৭০ রানের মধ্যে বেঁধে ফেলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছেন বোলাররা।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১৮৮ রানের জবাবে শ্রীলংকা প্রথম দিনেই তিন উইকেট হারিয়ে ১৬০ রান তুলে মাঠ ছাড়ে। ৩৩ রান নিয়ে সামারাবীরা আর ১৭ রান নিয়ে জয়বর্ধনে ছিলেন অপরাজিত। দ্বিতীয় দিনও এই জুটি দলের রানকে ২৩১ পর্যন্ত টেনে নিয়ে যান। এখানে এসেই জয়বর্ধনের রানের চাকা থামিয়ে দেন আগের দিন এক উইকেট শিকার করা মোহাম্মদ রফিক। ১২০ বলে ৬৩ রান করার পথে ১৫টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান জয়বর্ধনে।

আগের দিন সাঙ্গাকারার উইকেটটি নিয়ে যে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন রফিক দ্বিতীয় দিনেও তা অব্যাহত থাকে। ১১৪ রানে পাঁচ উইকেট শিকার করে শ্রীলংকার ব্যাটসম্যানদের রাশ টেনে ধরেন রফিকই। সাথে ছিলেন এক টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন শাহাদত হোসেন রাজীব আর টেস্ট অভিষিক্ত পেসার সৈয়দ রাসেল। দু’টি করে উইকেট নিয়ে রফিককে যোগ্য সহায়তা দিয়ে যান এরা দু’জন।

জয়বর্ধনে আউট হয়ে যাওয়ার পর সামারাবীরাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। দলীয় ২৯৫ রানে ৭৮ রান করে শাহাদতের দ্বিতীয় উইকেটে পরিনত হন সামারাবীরা।

শ্রীলংকার ব্যাটসম্যানদের মধ্যে ৮৬ রান করে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠা তিলকরত্নে দিলশানকে আউট করে সৈয়দ রাসেল নিজের অভিষেক শিকারের সংখ্যা দুইয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত নয় উইকেটে ৩৭০ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। সব মিলিয়ে তাদের প্রথম ইনিংসে লিডের পরিমান দাঁড়ায় ১৮২ রান।