বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে আরেক ধাপ এগিয়ে সানিয়া
ইউএস ওপেনে সাফল্যজনকভাবে চতুর্থ রাউন্ডে ওঠার পর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও নিজের অনেক মানোন্নয়ন ও গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা।
৩৪তম স্থান দখল করে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন তিনি। ইউএস ওপেনের আগে তার অবস্থান ছিল ৪২।
আশির দশকে রমেশ কৃষ্ণানের ২৩তম স্থান দখল করার পর সিঙ্গেলসে ভারতীয় হিসেবে সানিয়াই সর্বোচ্চ স্থান দখল করেন।
সানিয়া ইন্দোনেশিয়ার বালিতে দুই লাখ পঁচিশ হাজার ডলারের উইসমিলাক আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্য প্রথম রাউন্ডে রাশিয়ার একাতেরিনার সাথে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, র্যাঙ্কিং বাড়াতে আমি খুশি। আমি আমার ভক্তদের মাঝে বেঁচে থাকতে চাই। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
