ফিফা পরিবারের নতুন সদস্য পূর্ব তিমুর এবং কমোরস
ফিফার সদস্য রাষ্ট্রের সংখ্যা আবারও বাড়লো। সোমবার বিশ্ব ফুটবল সংস্থার নতুন সদস্য হিসেবে পূর্ব তিমুর এবং দ্বীপদেশ কমোরসকে অর্ন্তভূক্ত করা হয়েছে। এর ফলে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৭।
পূর্ব তিমুরে ২০০১ সালে ফুটবল এসোসিয়েশন গঠিত হয়। ২০০২ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করে। ফিফা কংগ্রেসের ভোটাভুটিতে ১৯৮টি দেশ পূর্ব তিমুরের পক্ষে ভোট দেয় এবং বিপক্ষে পড়ে মাত্র একটি।
আফ্রিকার পূর্ব উপকূলের দ্বীপপুঞ্জ কমোরস ২০০৩ সালে আফ্রিকান কনফেডারেশনে যোগ দেয়। ১৯৭৯ সালেই দেশটিতে ফুটবল এসোসিয়েশন গঠিত হয়। ফিফার সদস্য হতে গিয়ে তিনটি ভোট তাদের বিপক্ষে যায়।
মরক্কোতে ফিফা কংগ্রেসের এই সম্মেলন আফ্রিকা মহাদেশে প্রথম।
