আঠারো বছর পর অ্যাশেজ ইংল্যান্ডের ঘরে
দীর্ঘ ১৮ বছর অ্যাশেজ সিরিজ নিজেদের আয়ত্বে নিতে সক্ষম হলো ইংল্যান্ড।
পাঁচ টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে থেকে পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর স্বাগিতক ইংল্যান্ড। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হওয়ায় অ্যাশেজ নিজেদের ঘরে রেখে দিলো ইংল্যান্ড।
ঘটনাবহুল পঞ্চম টেস্টে সবচেয়ে আলোচিত ছিল বৃষ্টি আর আলোর স্বল্পতা। মূলত এই দুই ভিলেন আর ইংল্যান্ডের চমৎকার ব্যাটিংশৈলীই ম্যাচ ড্র হতে বাধ্য করে।
প্রথম ইনিংসে ওপেনার অ্যান্ড্রু স্ট্রসের ১২৯, অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ৭২ আর মার্কাস ট্রেসকোথিকের ৪৩ রানে ভর করে ৩৭৩ রানের স্কোর গড়ে ইংলিশরা।
জবাবে অস্ট্রেলিয়ার ব্যাটিংটাও খারাপ ছিলনা। দুই ওপেনার জাস্টিন ল্যাঙ্গার (১০৫) আর ম্যাথু হেইডেনের (১৩৮) জোড়া শতকের সুবাদে ছয় রানে পিছিয়ে থেকে ৩৬৭ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে অসিরা।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ছয় উইকেট শিকার করে হিরো শ্যেন ওয়ার্ন। আর অস্ট্রেলিয়ার ইনিংসে ইংল্যান্ডের পক্ষে বোলিং হিরো ছিলেন ফ্লিনটফ আর হগার্ড। ফ্লিনটফ পাঁচ আর হগার্ড চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ৩৬৭ রানে বেঁধে ফেলেন।
ছয় রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ব্যাটসম্যানদের কাছ থেকে খুব একটা সহযোগিতা পায়নি। তবে এর মধ্যে ব্যতিক্রম কেভিন পিটারসেন। তার ব্যাট থেকে ১৫৮ রানের ঝকঝকে একটি ইনিংস। ১৮৭ বলে সাজানো পিটারসেনের ইনিংসটিতে বাউন্ডারি ছিল ১৫টি আর ছয়ের মার ছিল সাতটি।
এছাড়া অধিনায়ক মাইকেল ভন ৪৫ এবং ওপেনার ট্রেসকোথিক ৩৩ রান করেন। তবে টেল এন্ডে স্পিনার অ্যাশলে জাইলসঅনবদ্য ৫৯ রান করে দলের লিডকে আরও বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত ৩৩৫ রানে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে। আর অস্ট্রেলিয়ার সামনে ৩৪২ রানের জয়ের লক্ষ্যমাত্র নির্ধারিত হয়।
কিন্তু তখন আরমাত্র ১৮ ওভার খেলা বাকি ছিল। এই কয় ওভারে ৩৪১ রান করা নিতান্তই অসম্ভব। আর হয়েছেও তাই। অবশ্য অস্ট্রেলিয়া যখন তাদের দ্বিতীয় ইনিংসের সূচনা করতে নামে ততক্ষণে ওভালের গ্যালারীতে বিজয় উৎসব শুরু করে দিয়েছো স্কোর বোর্ডে চার রান উঠতেই চতুর্থ দিনের মত আবারও আলোর স্বল্পতার জন্য খেলা বন্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পর দুই আম্পায়ার রুডি কোয়ের্টজেন এবং বিলি বাউডেন মাঠে নেমে দুই প্রান্তে স্ট্যাম্পের বেল তুলে নিলে উল্লাসে ফেটে পড়ে ওভালের গ্যালারী ভর্তি দর্শক।
