মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ফুটবলের শিরোপা ব্রাদার্সের
ব্রাদার্স ইউনিয়ন সোমবার প্রিমিয়ার ডিভিশন ফুটল লিগের প্লেঅফ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার প্রথমার্ধে অধিনায়ক সুজনের পেনাল্টি থেকে করা গোলে জয় পায় ব্রাদার্স।
এই নিয়ে পরপর দু’বার প্রিমিয়ার লিগের শিরোপা জয় করল ব্রাদার্স। এর আগে ১৯৮৫ সালে রানার্স আপ হয় গোপীবাগের দলটি।
ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ জিতেছে ঠিকই কিন্তু দু’দল যেভাবে অক্রমন করা বাদ দিয়ে নিজেদের ডিফেন্স আগলে খেলেছে তাতে মাঠে উপস্থিত প্রায় হাজার ত্রিশেক দর্শক একেবারেই হতাশ।
গত শুক্রবার লিগের শেষ ম্যাচে দু’দল যেভাবে আক্রমন-পাল্টা আক্রমন করে খেলেছে, তার ছিঁটেফোটাও ছিল না প্লেঅফ ম্যাচে।
খেলার দুই অর্ধেই মোহামেডান প্রতিপক্ষ ব্রাদার্সের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করে খেললেও পরবর্তীতে ব্রাদার্স নিজেদের সংগঠিত করে খেলায় ফিরলে ছন্দ হারিয়ে ফেলে সাদাকালো শিবির।
ম্যাচের প্রথম আক্রমনটি শানায় ব্রাদার্স ২১ মিনিটে। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে স্ট্রাইকার এমিলির উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন সিরাজি। এমিলির শটটি মোহামেডানের গোলবারের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে চলে যায়।
পুরো ম্যাচে মোহামেডানের ডিফেন্সের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্সের রাশিয়ান স্ট্রাইকার এডোয়ার্ড ভিক্টর। তার দুরন্ত গতির কাছে বারবার নাস্তানাবুদ হয় মোহামেডানের ডিফেন্ডাররা। ২৩ মিনিটে ভিক্টর মোহামেডানের ডিফেন্স চিড়ে বিপদসীমার মধ্যে ঢুকে পড়লে তাকে বাধা দেন স্টপার শাহনুর রনি।
বিন্দুমাত্র দ্বিধা না করে পেনাল্টির বাঁশি বাজান রেফারী মনসুর আজাদ। তা থেকে গোল করে দলকে লিড এনে দেন অধিনায়ক সুজন।
৩৮ মিনিটে গোলের সুযোগ পায় মোহামেডান। কিন্তু সাত ম্যাচ পর মাঠে নামা আনফিট স্ট্রাইকার মঞ্জু’র শটটি ব্রাদার্সের দুই নম্বর গোলরক্ষক আলীকে পরাস্ত করতে পারেনি।
এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মোহামেডান তাদের আক্রমনের ধার বাড়িয়ে দেয়। কিন্তু তাদের স্রোতের মত আক্রমনগুলো একে একে ঠেকিয়ে দেন দেশসেরা ডিফেন্ডার জুয়েল রানা, মাসুদ রানা আর মোহাম্মদ সুজন। এই ম্যাচে ব্রাদার্সের নিয়মিত গোলরক্ষক তারেকের পরিবর্তে খেলতে নামেন দীর্ঘদিন তাদের গোলবার আগলানো আলী। অনেকদিন পর মাঠে নেমে তিনি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। মোহামেডানের অন্তত তিনটি জোরালো আক্রমন থেকে দলকে বাঁচিয়েছেন আলী।
৫৫ মিনিটে মুন্নার নেয়া একটি প্রিকিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন আলী। ফয়সালের একটি বিপজ্জনক হেডও তিনি দক্ষতার সাথে ফিরিয়ে দেন।
