পুরনো চেহারায় বাংলাদেশের ব্যাটিং
শ্রীলংকার বিরুদ্ধে হাবিবুল বাশার যে দল নিয়ে মাঠে নামেন তাকে মোটামুটি লড়াকু দলই বলা যায়। লড়াই করার ইচ্ছেটাও বুঝি ছিল বাশার তথা পুরো দলের।
দলের দুই প্রধান পেসার মাশরাফি বিন মুর্তজা এবং তাপস বৈশ্য’র জায়গায় খেলেছেন অভিষিক্ত পেসার সৈয়দ রাসেল এবং একটিমাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন শাহাদত হোসেন রাজীব।
কিন্তু প্রতিপক্ষ দলের অধিনায়ক আর কোচের মনে ছিল অন্যরকম কিছু। পেমাদাসার স্পিন সহায়ক উইকেটে শ্রীলংকা দলে স্পিনারের আধিক্য থাকবে সেটাই স্বাভাবিক, হয়েছেও তাই। আর দুই স্পিনার রঙ্গনা হেরাথ ও মুত্তিয়া মুরলিধরনের মায়াবি স্পিনের যাদুতেই লুটিয়ে পড়ল বাংলাদেশের ‘মোটামুটি লড়াকু’ ব্যাটিং লাইন আপ। ৪৪ ওভারে মাত্র ১৮৮ রানেই সাজঘরে ফেরে টাইগাররা।
কন্ডিশনের কথাটা মাথায় রেখেই টসে জিতে শ্রীলংকার অধিনায়ক মারভান আতাপাত্তু দেরি না করে বল হাতে মাঠে নেমে পড়েন। শাহরিয়ার নাফিসকে নিয়ে ব্যাটিংয়ের গোড়াপত্তন করতে নামা জাভেদ ওমরের ব্যাটে ছিল লড়াইয়ের ইঙ্গিত।
তখনও বোধকরি সবার মনে আশা বাশার আছেন, আছেন আশরাফুল, আফতাব, তুষার, খালেদ মাসুদ। এদের ব্যাটে ভরসা করাই যায়। কিন্তু তখন কি কেউ ভেবেছিল, এত অল্পতেই গুটিয়ে যাবে বাংলাদেশ। প্রতিরোধ যা গড়ার তা সেই অধিনায়ক বাশার, ওপেনার জাভেদই গড়েছেন।
দলের একমাত্র হাফ সেঞ্চুরিটি আসে অধিনায়কের ব্যাট থেকে। ৯৬ বলে সাজানো বাশারের ৮৪ রানের ইনিংসটিতে বাউন্ডারি ছিল ১২টি। আর ৪৮ বলে ৩০ রান করার পথে জাভেদ বাউন্ডারি হাঁকান পাঁচটি।
মূলত এই দুই ব্যাটসম্যান ছাড়া বাকিরা যেন শ্রীলংকার বোলারদের সামনে নিঃশর্ত আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্যি, দলের তৃতীয় সর্বোচ্চ ১৯ রান আসে অভিষিক্ত পেসার সৈয়দ রাসেলের ব্যাট থেকে। এছাড়া আশরাফুল করেন ১৭ রান।
মুরলিধরন ৪২ রানে তিনটি এবং হেরাথ ৩৮ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসের সূচনাটাও খুব একটা ভালোভাবে করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ৪১ রানেই নবাগত সৈয়দ রাসেলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন শ্রীলংকার অধিনায়ক মারভান আতাপাত্তু। এরপর সাঙ্গাকারাকে সাথে নিয়ে ওপেনার জয়সুরিয়া বাংলাদেশের বোলারদের দেখেশুনে খেলা চালিয়ে যান। দলীয় ৯৭ রানে এই জুটিতে ভাঙ্গন ধরান শাহাদত রাজীব। ৫৪ বলে পাঁচটি চারের সহায়তায় ৪৬ রান করে আফতাবের হাতে ক্যাচ দিয়ে বিদায় বিপজ্জনক জয়সুরিয়া।
সাঙ্গাকারা ৩৩ রানের আরেকটি ছোটখাট জুটি গড়ে তোলেন থিলান সামারাবীরাকে নিয়ে। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি সাঙ্গাকারা। ৩০ রান করে মোহাম্মদ রফিকের বলে আশাফুলের হাতে ক্যাচ দেন। দিনের বাকিটা সময় সামারাবীরা আর মাহেলা জয়বর্ধনে নির্বিঘ্নে কাটিয়ে দেন। ততক্ষণে শ্রীলংকার স্কোর বোর্ডে জমা হয় ১৬০ রান। ২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন এই দু’জন।
