২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস

অধিনায়ক হাবিবুল বাশারের অসাধারণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮৮ রান তুলেছে। বাশার ৮৪ রানের চমৎকার একটি ইনিংস খেলে রান আউট হন। এর আগে শ্রীলঙ্কা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 04:57 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দুই উইকেট হারিয়ে ১০১ রান করেছে। সাঙ্গাকারা ২৪ ও সামারাভীরা ৪ রান নিয়ে ব্যাট করছেন।

শ্রীলংকার স্পিনারদের দাপটে প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে পারেনি সফরকারীরা। শুরুটা ভালো হলেও মাত্র ৩৩ রানের মধ্যে শেষ আটজন ব্যাটসম্যান একে একে শ্রীলঙ্কান স্পিনারদের কাছে আত্মসমর্পণ করেন। স্পিনার মুরালিধরন তিনটি এবং হেরাথ চারটি উইকেট লাভ করেন।

জাভেদ ওমর এবং শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সূচনা করেন। দলীয় মাত্র ৪ রানে মালিঙ্গার বলে নাফিস আউট হন। এরপর জাভেদ ওমর এবং হাবিবুল বাশার দলকে এগিয়ে নেন। দলীয় ৬৩ রানে আউট হন জাভেদ। ফার্নান্দোর বলে সাঙ্গাকারের হাতে ব্যক্তিগত ৩০ রানে ধরা পড়েন তিনি। এরপর আশরাফুলকে নিয়ে দলকে সামনের দিকে নিয়ে যান অধিনায়ক বাশার। দলীয় ১৫৫ রানে আশরাফুল আউট হওয়ার পর বাংলাদেশী ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিল শুরু করে। দলীয় ১৫৬ রানে ফিরে যান বাশার। ৯৬ বলের মোকাবেলায় বাশার ৮৪ রানের চমৎকার একটি ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভেলিয়ানে ফিরে আসেন।

বাশার আউট হওয়ার পর পরই বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ধ্বস নামে। ১৫৫ থেকে ১৮৮ পর্যন্ত আসতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের পক্ষে আশরাফুল ১৭ ও সৈয়দ রাসেল ১৯ রান করেন।