বাংলাদেশের সুবিধা বঞ্চিত ক্রিকেটারদের সহায়তায় দুবাইয়ের ব্যবসায়ীর অর্থ প্রদান
দুবাইয়ের ব্যবসায়ী ক্রিকেটপ্রেমী শ্যাম ভাটিয়া বাংলাদেশের সুবিধা বঞ্চিত ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য ১০ হাজার ডলার অর্থ সহায়তা দিয়েছেন।
ভাটিয়া বলেন, এই অর্থ দান তার দাতব্য কার্যক্রমের একটা অংশ মাত্র। এর মাধ্যমে অস্বচ্ছল ক্রিকেটাররা কিছুটা হলেও আধুনিকতার ছোঁয়া পাবে এবং তাদের মধ্যে কেউ যদি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় তাহলে এ প্রচেষ্টা স্বার্থক হবে। তিনি অতি স্বচ্ছ ও সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়েই এ মিশনে অর্থ ব্যয় করছেন বলে জানান।
শুধু বাংলাদেশ নয়, সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, ওয়েস্ট উইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট উন্নয়নের জন্যও প্রতিটি দেশে ১০ হাজার ডলার করে প্রদান করেছেন। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ক্রিকেটের আগে তিনি “পোট্রেট অব দি গেম” শিরোনামে একটি বই প্রকাশ করেন এবং বই বিক্রির অর্থ দিয়ে ফান্ড গঠনে মনোযোগী হন।
