২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার শিরোপা নির্ধারনী প্লে অফ ম্যাচে মাঠে নামছে মোহামডোন-ব্রাদার্স

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে গত শুক্রবার অঘোষিত ফাইনালে জয়ের মুখ দেখেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব কিংবা ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় দু’দলকেই এক পয়েন্ট করে নিয়ে ঘরে ফিরতে হয়েছে। ফলে শিরোপা কার ভাগ্যে যাবে, সে বিষয়টিও রয়ে গেছে অমীমাংসিত।

আর এ কারণেই শিরোপা নির্ধারনী প্লে অফ ম্যাচে সোমবার আবারও মুখোমুখি হচ্ছে দু’দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ম্যাচ শুরু হবে।

লিগের ১৮ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে দু’দলই পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে এবারের লিগ অভিযান শেষ করেছে আবাহনী লিমিটেড।

ব্রাদার্স ও মোহামেডান মৌসুমে চতুর্থবারের মত পরস্পরের মুখোমুখি হচ্ছে। লিগে দু’দলের মধ্যকার প্রথম লড়াই গোলশুন্যভাবে শেষ হয়। কিন্তু স্বাধীনতা কাপ ফুটবলে মোহামেডান স্পোর্টিং কাব এক গোলে হার মানে ব্রাদার্সের কাছে।

লিগের মাঝপথে ব্রাদার্সের বিরুদ্ধে পাতানো ম্যাচ খেলায় জড়িত বলে অভিযোগ করে দেশের ফুটবলের তিন বড় শক্তি মোহামেডান, আবাহনী এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। দলগুলোর অভিযোগ, ব্রাদার্স পয়েন্ট তালিকার নীচে থাকা চার ছোট দলের সাথে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত।

তিন বড় দলের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি গোপন তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি লম্বা তদন্ত শেষে পাতানো ম্যাচের কোন গন্ধ খুঁজে পায়নি। তবে এর মধ্যে ব্রাদার্সের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ছন্দ হারিয়ে ফেলে গোপীবাগের দলটি। আবাহনী আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হেরে মানসিকভাবে আরও পিছিয়ে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা।

ব্রাদার্সের কোচ ওয়াজেদ গাজী জানান, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগকারী দু’টি দলের বিরুদ্ধে মাঠে ও মাঠের বাইরে তাদের লড়তে হচ্ছে।

দলের পারফরম্যান্স খারাপ হয়ে যাওয়া প্রসঙ্গে কোচ বলেন, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের পর দলের খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙ্গে পড়ে। ফলে আবাহনী ও মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হারতে হয়েছে। অন্যদিকে তিন পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় পর্বে মোহামেডান যাত্রা শুরু করলেও তাদেরও ছন্দপতন ঘটে এবং এক পর্যায়ে ব্রাদার্স ইউনিয়ন মোহামেডানের সাথে শীর্ষস্থানে এসে দাঁড়ায়।

মোহামেডান কোচ কাজী জসিমউদ্দিন জোসি জানান, শেষ ম্যাচে তার দল প্রথম গোল হজম করার পরও ভালো খেলেছে। এক পর্যায়ে খেলায় ফিরলেও দশজনের ব্রাদার্সের বিপক্ষে ৩১ মিনিটেও জয় ছিনিয়ে আনতে পারেনি।

সাবেক এই জাতীয় ফুটবলার মনে করেন, দলের খেলোয়াড়রা যদি নিজেদের সেরা খেলা উপহার দিতে পারে, তাহলে শিরোপা নিয়ে ঘরে ফেরা সম্ভব হবে এবং প্লে অফ ম্যাচেও তারা আগের দলটিই মাঠে নামাবে বলে ইঙ্গিত দিয়েছেন জোসি।

দলের অধিনায়ক আলফাজ মনে করেন, শক্তির বিচারে মোহামেডান ও ব্রাদার্স একই মানের দল। কিন্তু শেষ ম্যাচের দ্বিতীয়ার্ধে দল যেভাবে খেলেছে সেভাবে খেললে শিরোপা জয় করা অসম্ভব নয়।

সাত ম্যাচ মাঠের বাইরে থাকার পর প্লে অফ ম্যাচে মাঠে নামতে পারেন মোহামডোনের স্ট্রাইকার মঞ্জু।

অন্যদিকে ব্রাদার্সের ম্যানেজার আমের খান জানিয়েছেন, শুক্রবারের ম্যাচে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে পারভেজ বাবুকে ছাড়াই মাঠে নামতে হবে গোপীবাগের দলটিকে, তাছাড়া ইনজুরির কারনে গত ম্যাচের গোলদাতা এবং লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা তাদের রাশিয়ান স্ট্রাইকার এডোয়ার্ড ভিক্টরের খেলা নিয়েও রয়েছে সংশয়।