আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাফল্য
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতার একক ও দ্বৈত উভয় ইভেন্টেই শিরোপা জিতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তবে দাবা প্রতিযোগিতার শিরোপা চলে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দখলে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় শরীর চর্চা বিভাগে শনিবার অনুষ্ঠিত ক্যারম একক ইভেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২-০ গেমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই ইভেন্টে হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে।
ক্যারম দ্বৈত ইভেন্টেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ২-১ গেমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এ ইভেন্টেও তৃতীয় স্থান অধিকার করেছে হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে দাবা প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় রানার্স আপ ও ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এ এফ এম আনওয়ারুল হক।
