শ্রীলংকায় তাপসের জায়গায় কাউকে পাঠানো হচ্ছে না
ইনজুরি আক্রান্ত পেসার মাশরাফির বদলি খেলোয়াড় হিসেবে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই শ্রীলংকা উড়াল দিতে হয়েছিল তাপস বৈশ্যকে।
কিন্তু ভাগ্যের পরিহাসে সেই মাশরাফিরই ভাগ্য বরণ করতে হয় তাকে। দু’জনই শনিবার দেশে ফিরে এসেছেন। এ পরিস্থিতিতেই ১২ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্ট।
প্রথম টেস্টেই অভিজ্ঞ ও শক্তিশালী শ্রীলংকার সামনে মোটামুটি একটা অনভিজ্ঞ বোলিং লাইন আপ নিয়েই দাঁড়াতে হচ্ছে টাইগারদের। কারণ প্রথম টেস্টের আগে তাপসের জায়গায় কাউকে শ্রীলংকায় পাঠানো হচ্ছে না। শনিবার বিসিবি’র প্রধান নির্বাচক ফারুক আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
তালহা জুবায়ের, শাহাদত হোসেন রাজীব আর টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সৈয়দ রাসেলকে নিয়েই দলের বোলিং ডিপার্টমেন্ট সাজাতে হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আফ্রো-এশিয়ান কাপে ইনজুরি আক্রান্ত হয়ে মাশরাফির দুর্ভাগ্যের শুরু। সেই পুরনো ইনজুরি অর্থাৎ কোমরের ব্যাথার জন্য দলের সাথে শ্রীলংকায় গিয়েও ওয়ান ডে সিরিজের একটি ম্যাচও খেলতে পারেন নি মাশরাফি। দেশে ফিরেই গ্রামের বাড়ি চলে গেছেন তিনি। সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।
মাশরাফির বদলি বোলার হিসেবে শ্রীলংকায় যাওয়া তাপস বৈশ্যও ইনজুরির কারনে দেশে ফিরেছেন এবং যথারীতি গ্রামের বাড়ি চলে গেছেন। তাপসের ইনজুরিটা অবশ্য ইংল্যান্ড সফরকালীন।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ শনিবার বিডিনিউজকে জানান, প্রথম টেস্টে দলের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেয়া হবে, তাপসের বদলি বোলার পাঠানো হবে কি না। তিনি বলেন, আমরা মনে করি না তাপসের পরিবর্তে কাউকে পাঠানো হলে দলের আমূল পরিবর্তন হবে। তবে প্রয়োজনে দ্বিতীয় টেস্টে তার জায়গায় একজন বোলার শ্রীলংকায় পাঠানো হবে।
