প্রিমিয়ার লীগে মোহামেডান এবং ব্রাদার্সের গুরুত্বপূর্ন খেলাটি ১-১ গোলে ড্র
প্রিমিয়ার লীগের শিরোপা লড়াইয়ের মোহামেডান এবং ব্রাদার্সের মধ্যকার গুরুত্বপূর্ন খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট এ ম্যাচে ড্রয়ের ফলে লিগের চ্যাম্পিয়ন নির্ধারণ করা সম্ভব হয়নি। আগামী সোমবার এ দুটি দলের মধ্যে আবারো একটি প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ ম্যাচে জয়ী দলই লীগের চ্যাম্পিয়ন বলে ঘোষিত হবে।
বর্তমানে ১৮ ম্যাচে উভয় দলের সংগ্রহ ৩৯ পয়েন্ট।
শুক্রবারের এ ম্যাচটি ড্র না হলে পরাজিত দলটিকে রানার্স আপ হওয়ার জন্য আবাহনীর সাথে খেলতে হতো। আবাহনীর সংগ্রহ ৩৮ পয়েন্ট।
শুক্রবারের খেলায় ১৭ মিনিটে সময় প্রথম গোল পায় ব্রাদার্স। পারভেজ বাবুর একটি পাস থেকে মোহামেডানের দুর্বল রক্ষনভাগকে ভেদ করে রাশিয়ান ফরোয়ার্ড এডওয়ার্ড গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।
এরপর দীর্ঘ সময় ধরে তারা ১-০ গোলে এগিয়ে ছিলো। খেলার নিয়ন্ত্রণও ছিলো তাদের হাতেই। কিন্তু ৫৯ মিনিটে ব্রাদার্সের পারভেজ বাবু লাল কার্ড পাওয়ার পর খেলায় ফেরার চেষ্টা করে মোহামেডান। এ সময় রক্ষনাত্মক নীতি নিলেও শেষ রক্ষা হয়নি তাদের।
খেলার ৭৫ মিনিটের সময় মুন্না গোল করে মোহামেডানের সমতা ফেরান।
সোমবার এ দুটি দলের মধ্যে আবারো শিরোপা নির্ধারণী একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
