শেষ অ্যাশেজ টেস্টের প্রথম দিনই জমে উঠেছে ব্যাট-বলের লড়াই
অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিনটি ভালোভাবেই কাটিয়ে দিল স্বাগতিক ইংল্যান্ড। প্রথম দিকে অসি লেগি শ্যেন ওয়ার্নের ছোটখাট একটা ঝড় আর ইংলিশদের চার উইকেটের পতন ছাড়া ব্যাটসম্যানরা মোটামুটি সামাল দিয়ে গেছেন অসি বোলারদের।
সকালে ইংলিশদের যে চারটি উইকেট পড়েছে সবগুলোই তুলে নিয়েছেন ওয়ার্ন। বাকি বোলারদের উইকেটের জন্য কেবল ঘামই ঝরাতে হয়েছে। এর মধ্যে আবার সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার অ্যান্ড্রু স্ট্রস।
সকালে টসে জিতে চোখকান বুজে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। দুই ওপেনার মার্কাস ট্রেসকোথিক আর অ্যান্ড্রু স্ট্রস টেস্টে ম্যাচের ক্ষেত্রে বেশ উড়ন্ত সূচনাই এনে দেন দলকে।
ট্রেসকোথিক অবশ্য বেশিক্ষণ টেনে নিয়ে যেতে পারেন নি তার ইনিংসকে। ম্যাচের ১৮ ওভারে দলীয় রান যখন আশি’র ঘর পার হয়েছে তখনই ওয়ার্নের ঘূর্নিতে কুপোকাত ট্রেসকোথিক। ৬৫ বলে আটটি চারে সাজানো ছিল ট্রেসকোথিকের ৪৩ রানের ইনিংসটি।
অন্যপ্রান্তে অবশ্য আরেক ওপেনার স্ট্রস সাবলিলভাবে খেলে গেছেন ওয়ার্ন ও অন্য অসি বোলারদের। কিন্তু এক প্রান্ত ধরে রাখলে কি হবে অন্যপ্রান্তে টপাটপ আরও তিন উইকেট তুলে নিয়ে ড্রেসিং রুমে কিছুটা সময়ের জন্য হলেও উত্তেজনা ছড়িয়ে দেন ওয়ার্ন।
এবার ওয়ার্নের ঘূর্ণিবলের শিকার ইংলিশ দলপতি ভন, ইয়ান বেল আর যাকে নিয়ে সিরিজের আগে থেকেই মাতামাতি সেই কেভিন পিটারসেন। ভন ১১ রান করে ওয়ার্নের বলে ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন, আর বেল রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন। ১৪ রান করা পিটারসেন কিছু বুঝে ওঠার আগেই তার স্ট্যাম্প ভেঙ্গে যায় ওয়ার্নের বলে।
এরপর স্ট্রসের সাথে জুটি বাঁধেন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটাফ। দলীয় ১৩১ রানে চতুর্থ উইকেটের পতনের পর এই জুটিই দলের রানের চাকাকে সচল রাখেন। এরা দুজন স্কোর বোর্ডে ১৪৩ রান যোগ করেন। ফ্লিনটফ ১২ টি বাউন্ডারি এবং একটি ছয়ের সাহায্যে ৭২ রান করে ম্যাকগ্রার বলে আউট হন। দলীয় ২৯৭ রানে ফিরে যান ওপেনার স্ট্রস। ২১০ বলে স্ট্রসের ১২৯ রানের ধ্রুপদী ইনিংসে ১৭টি বাউন্ডারি হাঁকান স্ট্রস। স্ট্রসের উইকেটটিও তুলে নেন ওয়ার্ন। সবমিলিয়ে ইনিংসে ওয়ার্নের শিকার সংখ্যা দাঁড়ালো পাঁচ-এ। মাঝে অবশ্য কলিংউডকেও হারায় ইংলিশরা।
শেষ পর্যন্ত ইংল্যান্ডের সাত উইকেটে ৩১৯ রানে দিনের খেলা সমাপ্ত হয়। জোন্স ২১ এবং স্পিনার অ্যাশলে জাইলস পাঁচ রানে অপরাজিত রয়েছেন। অসি বোলারদের মধ্যে শ্যেন ওয়ার্ন পাঁচ উইকেট ছাড়াও ম্যাকগ্রা ও টেইট একটি করে উইকেট লাভ করেন।
