প্রিমিয়ার ফুটবলের অঘোষিত ফাইনালে শুক্রবার মাঠে নামছে মোহামেডান-ব্রাদার্স
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে পাতানো ম্যাচের অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর শুক্রবার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাতানো ম্যাচ নিয়ে অভিযোগকারী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অভিযুক্ত ব্রাদার্স ইউনিয়ন।
বিকেল পাঁচটায় ম্যাচ শুরু হবে। এর আগে দু’দলই নিজেদের শেষবারের মত ঘষামাজা করে নিয়েছে।
লিগের ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে দু’দলই পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। ফলে শেষ ম্যাচটি পরিনত হয়েছে লিগের অঘোষিত ফাইনালে। শিরোপা কার ঘরে যাবে, তা নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর। ম্যাচটি ড্র হলে অবশ্য দু’দলকে একটি প্লে অফ ম্যাচ খেলতে হবে।
শুক্রবার ব্রাদার্স ও মোহামেডান মৌসুমে তৃতীয়বারের মত পরস্পরের মুখোমুখি হচ্ছে। লিগে দু’দলের মধ্যকার প্রথম লড়াইটি গোলশুন্যভাবে শেষ হয়। কিন্তু স্বাধীনতা কাপ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব এক গোলে হার মানে ব্রাদার্সের কাছে।
লিগের মাঝপথে ব্রাদার্সের বিরুদ্ধে পাতানো ম্যাচ খেলায় জড়িত বলে অভিযোগ করে দেশের ফুটবলের তিন বড় শক্তি মোহাডোন, আবাহনী এবংং শেখ রাসেল ক্রীড়া চক্র। দলগুলোর অভিযোগ, ব্রাদার্স পয়েন্ট তালিকার নীচে থাকা চার ছোট দলের সাথে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত।
তিন বড় দলের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি গোপন তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি লম্বা তদন্ত শেষে পাতানো ম্যাচের কোন গন্ধ খুঁজে পায়নি। তবে এর মধ্যে ব্রাদার্সের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। ছন্দ হারিয়ে ফেলে গোপীবাগের দলটি। আবাহনী আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হেরে মানসিকভাবে আরও পিছিয়ে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা।
শুক্রবারের ম্যাচের আগ পর্যন্ত ব্রাদার্সের কর্মকর্তারা খেলোয়াড় ও কোচকে সাংবাদিকদের কাছ থেকে দুরে সরিয়ে রেখেছেন। এমনকি কোন টেলিভিশন চ্যানেলকেও তাদের কাছে ঘেঁষতে দেয়া হচ্ছে না।
ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুদ্দিন বৃহস্পতিবার বলেন, ক্লাবের সভায় খেলোয়াড়দের সাংবাদিক এবং মিডিয়ার সংষ্পর্শ থেকে দুরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে তারা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেন।
এর আগে ব্রাদার্সের কোচ ওয়াজেদ গাজী জানান, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগকারী দু’টি দলের বিরুদ্ধে মাঠে ও মাঠের বাইরে তাদের লড়তে হচ্ছে।
দলের পারফরম্যান্স খারাপ হয়ে যাওয়া প্রসঙ্গে কোচ বলেন, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের পর দলের খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙ্গে পড়ে। ফলে আবাহনী ও মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হারতে হয়েছে। তবে শুকবারের ম্যাচের জন্য তার দল সম্পূর্ন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কোচ গাজী।
অন্যদিকে তিন পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় পর্বে মোহামেডান যাত্রা শুরু করলেও তাদেরও ছন্দপতন ঘটে এবং এক পর্যায়ে ব্রাদার্স ইউনিয়ন মোহামেডানের সাথে শীর্ষস্থানে এসে দাঁড়ায়।
মোহামেডান কোচ কাজী জসিমউদ্দিন জোসি জানান, অনুপযুক্ত মাঠের কারণে তার দল দ্বিতীয় পর্বে আশানুরূপ খেলা উপহার দিতে পারেনি। কিন্তু এই মুহূর্তে ব্রাদার্সের বিরুদ্ধে খেলার জন্য তার দল সম্পূর্ন প্রস্তুত বলে জানিয়েছেন কোচ জোসি। তাছাড়া ক্লাবের কর্মকর্তা, সমর্থক ও সাবেক খেলোয়াড়রা দলকে প্রতিনিয়তই উৎসাহ জুগিয়ে যাচ্ছে।
সাবেক এই জাতীয় ফুটবলার মনে করেন, দলের খেলোয়াড়রা যদি নিজেদের সেরা খেলা উপহার দিতে পারে, তাহলে শিরোপা নিয়ে ঘরে ফেরা সম্ভব হবে। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জয়ী দলটি ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামবে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ।
দলের অধিনায়ক আলফাজ মনে করেন, শক্তির বিচারে মোহামেডান ও ব্রাদার্স একই মানের দল। কিন্তু তার দল মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যে খেলা উপহার দিয়েছে, সেভাবে খেলতে পারলে জয় পাওয়াটা অসম্ভব কিছু নয়।
স্ট্রাইকার মঞ্জুবিহীন মোহামেডানের শক্তি কিছুটা হলেও খর্ব হয়েছে। ইনজুরির কারণে ছয় ম্যাচ মাঠের বাইরে থাকা মঞ্জু এই ম্যাচেও খেলতে পারছেন না। অপরদিকে এক ম্যাচ সাসপেনশন কাটিয়ে দলে ফিরেছেন ব্রাদার্সের অন্যতম প্লেমেকার লিটন।
