পঞ্চম টেস্টের প্রথম দিন তিন উইকেটে ১১৫ রান নিয়ে লাঞ্চে গেছে ইংল্যান্ড
ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। শেষ টেস্টের শুরুটাও করেছে ইংল্যান্ড দুর্দান্তভাবে। তিন উইকেট খুইয়ে ১১৫ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চে গেছে স্বাগতিকরা।
টসে জিতে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দুই ওপেনার মার্কাস ট্রেসকোথিক এবং অ্যান্ড্রু স্ট্রস ইনিংসের গোড়াপত্তন করতে এসে দারুন সূচনা এনে দেন দলকে।
অসি দলের নতুন বলের জুটি ম্যাকগ্রা আর ব্রেট লিকে বেশ সহজভাবেই খেলেছেন দুই ওপেনার। ১৮ ওভারেই ৮২ রান তুলে নেন এই জুটি। কিন্তু ট্রেসকোথিক ৬৫ বলে ৪৩ রান করে আউট হয়ে গেলে অধিনায়ক মাইকেল ভনের কাঁধে অসি বধের দায়িত্ব এসে পড়ে। তবে অধিনায়ক হিসেবে দলকে তেমন কিছুই দিতে পারেননি ভন। ১১ রান করে লেগি ওয়ার্নের বলে ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ভন।
অন্যপ্রান্তে অবশ্য স্ট্রস ৪২ রান করে এখনও অপরাজিত। ব্যাটসম্যান ইয়ান বেল রানের খাতাই খুলতে পারেন নি। ইংলিশ দলের তিনটি উইকেটই তুলে নেন ওয়ার্ন।
