২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্প ভাড়ায় ভ্রমণের সুযোগ দিয়ে অ্যাসেজের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি অ্যাসেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসের সংগৃহীত রানের সমপরিমাণ অর্থই হবে দু’দেশের মধ্যে যাতায়াতের বিমান ভাড়া-ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ) এমনটি ঘোষণা দেওয়ার কারণে টেস্ট শুরুর আগেই অ্যাসেজ সিরিজ উত্তেজনা আরও বেড়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 01:38 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ব্রিটিশ এয়ারওয়েজের ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ান গ্রাহকেরা ইংল্যান্ডের করা প্রথম ইনিংসের সমপরিমাণ পাউন্ড জমা দিয়ে ফিরতি টিকিট কিনতে পারবেন। অপরদিকে ইংল্যান্ডের গ্রাহকেরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা রানের সমপরিমাণ অর্থ জমা দিয়ে বিমান ভ্রমণ করতে পারবেন।

বিএ’র দক্ষিণ-পশ্চিম প্যাসিফিকের মার্কেটিং ম্যানেজার সুজি হায়েজ বৃহস্পতিবার জানান, আমরা একটি আকর্ষণীয় ম্যাচ দেখার অপেক্ষায় আছি।

তিনি বলেন, লন্ডন আমাদের সদর দপ্তর হওয়ায় ম্যাচে ইংল্যান্ড জিতলে আমরা সবচেয়ে বেশি উদ্বেলিত হব। কিন্তু তারা যদি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে কম রানে অলআউট হয়ে যায়, তাহলে অস্ট্রেলিয়ার গ্রাহকেরা বিতর্ক করার সুযোগ পাবে।

ব্রিটিশ এয়ারওয়েজের সিডনি থেকে লন্ডনের নির্ধারিত ভাড়া হচ্ছে ৭৩৫ পাউন্ড (১,৩৫০ মার্কিন ডলার)।

সুজি জানান, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে যত রান সংগ্রহ করবে, তত সংখ্যক সস্তা টিকিটই ইংল্যান্ডের গ্রাহকদের দেয়া হবে। এ নিয়ম অস্ট্রেলীয়দের জন্যও প্রযোজ্য হবে।

ব্রিটিশ এয়ারওয়েজের অস্ট্রেলীয়ার অফিস সোমবার থেকে অ্যাসেজের জন্য টিকিট বিক্রি শুরু করবে। তারা প্রতিটি গ্রাহককে মাত্র দুটি টিকিট দেবে। আর গ্রাহকদের অবশ্যই ২০ সেপ্টেম্বর ও ২ ডিসেম্বরের মধ্যে বিমান ভ্রমণ করতে হবে।

ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজ সমতা ও অ্যাসেজ মর্যাদা রক্ষা করতে চাইলে ওভালের পঞ্চম ও শেষ টেস্টটিতে অস্ট্রেলিয়াকে অবশ্যই জিততে হবে। আর ম্যাচের ফল ড্র, টাই অথবা পরিত্যক্ত হলেই ইংল্যান্ড ১৬ বছরের মধ্যে প্রথম অ্যাসেজ জয়ের স্বাদ পাবে।