ফিফা’র কংগ্রেসে যোগ দিতে বৃহস্পতিবার মরক্কো যাচ্ছেন বাফুফে’র তিন বস
ফিফা’র ৫৫তম কংগ্রেসে যোগ দিতে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিন কর্মকর্তা মরক্কো যাচ্ছেন।
তিনদিন ব্যাপী কংগ্রেস শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে। কংগ্রেসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং কোষাধ্যক্ষ শাহ আলম চৌধুরী যোগ দেবেন।
ফিফা’র কংগ্রেসে যোগ দেয়ার পাশাপাশি ফেডারেশনের কর্মকর্তারা আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রধানমন্ত্রী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য বিভিন্ন ফুটবল সংস্থার সাথে আলোচনা করবেন।
ফেডারেশনের সভাপতি এস এ সুলতান বিডিনিউজকে জানান, ফিফা’র কংগ্রেসে যোগ দিলেও তারা বিভিন্ন দেশের ফুটবল সংস্থার প্রধানদের বাংলাদেশে দল পাঠানোর ব্যাপারে রাজি করানোর চেষ্টা করা হবে।
কর্মকর্তারা বেশ কিছু আমন্ত্রন পত্র বিভিন্ন দেশের ফুটবল সংস্থায় পাঠালেও মরক্কোর যাওয়ার সময় কিছু আমন্ত্রন পত্র সাথে করে নিয়ে যাবেন।
ভারত ইতিমধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে পাঠানোর
প্রস্তাব নাকচ করে দিয়েছে। সেময় দু’টি দলই জাতীয় লিগে ব্যস্ত সময় অতিবাহিত করবে। কিন্তু তারপরও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১৯ সেপ্টেম্বর প্রিয়রঞ্জন দাস মুন্সী ঢাকা সফরে এলে আবারও চেষ্টা চালাবে।
