মেট্রো গ্রুপ উন্মুক্ত টেবিল টেনিসের পুরুষ এককের শিরোপা জিতলেন মাহবুব
উডেন ফ্লোর জিমনেশিয়ামে বুধবার মেট্রো গ্রুপ উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এককের শিরোপা জিতেছেন সার্ফ নিটিংয়ের মাহবুব।
ফাইনালে মাহবুব ৪-৩ সেটে একই দলের মোস্তফাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এর আগে সেমিফাইনালে মাহবুব ও মোস্তফা যথাক্রমে বিমানের পাপ্পু ও এডিসনকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেন।
এদিকে টুর্নামেন্টের মহিলা এককে আবাহনী লিমিটেডের সোমা ৪-৩ সেটে সার্ফ নিটিংয়ের রুমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেন। সেমিফাইনালে সোমা নিজ দলের সালেহাকে এবং রুমি নিজ দলের জয়তীকে হারিয়ে ফাইনালে উঠেন।
মহিলা ও পুরুষ এককের শিরোপা না পেলেও বিমানকে ৩-২ সেটে হারিয়ে দলগত ইভেন্টের শিরোপা জিতেছে সার্ফ নিটিং। বালকদের এককে জাগরণীর হাসিব ৫-২ সেটে নড়াইলের রকিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলাশেষে বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি ইশতিয়াক আহমেদ কারেন।
