ক্যাটরিনা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রীড়াবিদরা
হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে বিপন্ন মানুষের পাশে ব্যাপক মানবিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের কিছু বিত্তবান অ্যাথলেটস এবং ক্রীড়া সংগঠন।
জাতীয় বাস্কেটবল এসোসিয়েশন (এনবিএ), মেজর লীগ বেইসবল (এমএলবি) এবং জাতীয় ফুটবল লীগ (এনএফএল)-এর মতো ক্রীড়া সংগঠনগুলো কোটি কোটি ডলারের সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে দুর্গতদের পাশে এসে দাঁড়াচ্ছে।
গত সপ্তাহে ইউএস ওপেন চলাকালীন সময়ে পুরুষ ও মহিলা শীর্ষ টেনিস তারকারা আমেরিকান রেড ক্রসের ফান্ড সমৃদ্ধ করার জন্য তাদের অটোগ্রাফ সংযোজিত টেনিস সামগ্রী নিলামে দিয়ে সংগৃহীত অর্থ দান করেছেন।
এনবিএ এবং এর দল মঙ্গলবার উদ্ধারকার্য পরিচালনার জন্য ২০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এনবিএ প্লেয়ারস এসোসিয়েশন-এর মাধ্যমে আরও ১০ লাখ ডলার প্রদান করার অঙ্গীকার করেছেন।
বাস্কেটবল এসোসিয়েশন ইতিমধ্যে ১০ লাখ ডলার আমেরিকান রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। বেইসবল সংগঠন ৩০ লাখ ডলার রিলিফ ফান্ডে জমা দেওয়ার পরিকল্পনা করেছেন।
ন্যাশনাল ফুটবল লীগ রিলিফকার্যে ১০ লাখ ডলার প্রদান করার কথা ঘোষণা করেছে। ফুটবলপ্রেমীদের কাছ থেকে আরও ১০ লাখ ডলার সংগৃহীত হবে বলে তারা জানান।
ক্যাটরিনার ছোবলে প্রায় ১০ লাখ লোক গৃহহারা হয়েছেন। তারা নিজ বাসস্থান ছেড়ে এখন শরণার্থী। ২০টি রাজ্যের বিভিন্ন আশ্রয় শিবিরে কিংবা ব্যক্তিগত বাড়ীঘরে তারা আশ্রয় নিয়েছেন।
