২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান, ব্রাদার্সের সাথে শীর্ষে যোগ দিলেও শিরোপা দৌড়ে নেই আবাহনী

শিরোপাবিহীন আরেকটি প্রিমিয়ার লিগ সমাপ্ত করল আবাহনী লিমিটেড। কিন্তু মঙ্গলবার ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলের বিরুদ্ধে লিগে নিজেদের শেষ ম্যাচে ৬-১ গোলের বড় এক জয় পেয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এগারোবার লিগ শিরোপা জয়ী ধানমন্ডির জনপ্রিয় এই ক্লাবটি ২০০১ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শেষবার লিগ শিরোপা জেতে। কিন্তু এরপর গত চার মৌসুম তারা শিরোপা বঞ্চিত।

খেলা শেষে আবাহনী দলের দীর্ঘদিনের কোচ অমলেশ সেন বলেন, দ্বিতীয় পর্বে দলের খেলায় আমরা সন্তুষ্ট হলেও চ্যাম্পিয়ন না হওয়ার কষ্টটাতো থাকবেই। কোচ দলের এই ব্যর্থতার কারণও খুঁজে পেয়েছেন। তার মতে, দুর্বল পারফরম্যান্স আর ডিফেন্সের দুর্বলতাই প্রথম পর্বে দলের ভরাডুবির প্রধান কারণ।

১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থাকা মোহামেডান আর ব্রাদার্সের কাতারে এসে দাঁড়িয়েছে আবাহনী। প্রথম পর্বে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর দ্বিতীয় পর্বে নয় ম্যাচে সাতটি জয় আর দু’টি ড্র নিয়ে তারা অপরাজিত থেকে যায়।

মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন নিজেদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে।

চ্যাম্পিয়ন হতে না পারলেও আবাহনীর সামনে অবশ্য রানার্স আপ হওয়ার সুযোগ এখনও রয়ে গেছে। তবে এজন্য তাদেরকে মোহামেডান-ব্রাদার্সের মধ্যেকার লিগের শেষ ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু তিন দলের পয়েন্ট সমান, সেহেতু শেষ ম্যাচে যে দল হেরে যাবে তাদের সাথে আবাহনীর পয়েন্ট সমানই থেকে যাবে এবং সেক্ষেত্রে প্লেঅফ ম্যাচ খেলতে হবে দু’দলকে।

মঙ্গলবারের ম্যাচে আবাহনীর ঘানাইয়ান স্ট্রাইকার মোহাম্মদ আউদু ইব্রাহিম লিগের নবম হ্যাটট্রিক করেন। এই হ্যাটট্রিকের সুবাদে সতীর্থ টিপুর সাথে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে অবস্থান করছেন ইব্রাহিম। ১১ গোল করে শীর্ষে রয়েছেন ব্রাদার্স ইউনিয়নের রাশিয়ান স্ট্রাইকার এডোয়ার্ড ভিক্টর।

ম্যাচের চতুর্থ মিনিটেই অধিনায়ক জয় হেডের সাহায্যে গোল করে দলকে এগিয়ে দেন (১-০) এবং ১৮ মিনিটে আরেকটি হেডের সাহায্যে সমতা ফেরান ইয়ংমেন্সের রাজন (১-১)।

দশ মিনিট পর আবারও দলকে লিড এনে দেন টিপু (২-১), ৪১ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ইব্রাহিম (৩-১)।

মাঝবিরতির এক মিনিট আগে প্রতিপক্ষের তিনজনকে কাটিয়ে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোল করেন ইব্রাহিম। ৫৯ মিনিটে সম্পূর্ন একক প্রচেষ্টায় হ্যাটট্রিক পূরন করেন ইব্রাহিম (৫-১)।

আবাহনীর শেষ গোলটি অবশ্য ইয়ংমেন্সের কল্যানেই আসে। আবাহনীর বদলী খেলোয়াড় জাহেদ পারভেজের একটি শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আরিফুল (৬-১)।