আন্তঃজেলা মহিলা খো খো প্রতিযোগিতা দু’দিন পিছিয়ে গেল
দেশব্যাপী দু’দিনের পরিবহন ধর্মঘটের কারণে পেপসি আন্তঃ জেলা মহিলা খো খো চ্যাম্পিয়নশীপ দু’দিন পিছিয়ে দেয়া হয়েছে।
পরিবর্তিত তারিখ অনুযায়ী ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগিতা শুরু হবে ১০ সেপ্টেম্বর।
তিনদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন আইন ও বিচার মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এমপি।
জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ উইমেন্স স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি হামিদা খানম। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি লুৎফুন্নেসা বকুল, সাধারণ সম্পাদক কারুন্নাহার ডানা এবং ট্রান্সকম বেভারেজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার গোলাম মোরশেদ।
প্রতিযোগিতায় ছয় বিভাগের মোট নয়টি জেলা অংশগ্রহন করবে। দলগুলো দু’টি গ্রুপে ভাগ হয়ে লড়বে এবং শীর্ষ দু’টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-নাটোর, দিনাজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, ঢাকা, মুন্সীগঞ্জ, বান্দরবান, সিলেট এবং ঝালকাঠি।
