ইরানী ফুটবলারদের পাশ্চাত্যের চুলের স্টাইল রাখতে বারণ
ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) সেদেশের ফুটবলারদের পাশ্চাত্যের ঢংয়ে চুলের স্টাইল, পোষাক বা অন্য কোন সামগ্রী ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
আইএফএফ-এর পক্ষ থেকে বলা হয়, ফুটবলারদের পাশ্চাত্যের অনুকরণে চুলের স্টাইল, দাড়ির ছাট কিংবা নেকলেসসহ ফেন্সি উপকরণ ব্যবহার করলে স্টেডিয়াম ও রাষ্ট্রীয় টেলিভিশনে নেতিবাচক প্রভাব পড়ে। ফুটবলারই আমাদের যুবসমাজের প্রতীক। যুবসমাজ যাতে বিপথগামী কিংবা বিভ্রান্ত না হয় সেজন্যই এই বিধিনিষেধ।
ইরানের প্রিমিয়ার লীগের ১৬টি দলকেই বিজ্ঞাপন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এমনকি ইসলামী সংস্কৃতি বজায় রাখতে তাদেরকে লীগ এবং জাতীয় খেলায় নিষিদ্ধ করা হবে।
ফুটবলারদের সতর্ক করে বলা হয়েছে, খেলার পরে তারা যেন পশ্চিমা ব্রান্ডের আটোসাটো ট্রাউজার কিংবা টি শার্ট পরিধান না করে। যদিও ইরানের জাতীয় দলের ক্রীড়া পোষাক পরিধানের জন্য গত মাসে ইরান আন্তর্জাতিক স্পোর্টস কোম্পানী পুমার সাথে দু’বছরের চুক্তি স্বাক্ষর করেছে।
