ভিডিওকন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড
হারারেতে মঙ্গলবার ত্রিদেশীয় ভিডিওকন ফাইনালে মূলত লড়াই হবে কিউই বোলারদের সাথে ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইনের।
কিন্ত টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী এবং বীরেন্দ্র শেভাগের ফর্ম ভাল না থাকায় ভারত চিন্তিত।
বীরেন্দ্র শেভাগ ভিরু গত ১২টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটিও অর্ধশত রান করতে পারেননি। অধিনায়ক গাঙ্গুলী গত চারটি ইনিংসে মাত্র ৪৬ রান করেছেন। মঙ্গলবারের নিউজিল্যান্ড দলের সাথে ফাইনাল খেলায় সৌরভের ব্যাট থেকে রান না আসলে আবারও তার অধিনায়কত্ব প্রশ্নবিদ্ব হবে।
ফাইনালে ভারত খুবই চাপের মধ্যে থাকে। ২০০২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে ভারত সর্বশেষ ফাইনালে জয়লাভ করে। গত ১৮টি ফাইনালে মাত্র দুটি শতরান হয় সৌরভ ও রাহুলের ব্যাট থেকে। ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানরা টপ অর্ডারদের ব্যর্থতা কিছুটা পূরণ করেছে। গত দুটি ম্যাচে যুবরাজ এবং কাইফ সেঞ্চুরী করার গৌরব অর্জন করেন।
