২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ স্থান নিয়ে প্রিমিয়ার ফুটবল অভিযান শেষ করল মুক্তিযোদ্ধা

পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে এবারের লিগ অভিযান শেষ করল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে নিজেদের শেষ ম্যাচে সোমবার মুক্তিযোদ্ধা সংসদ ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

১৮ ম্যাচে ১১টি জয়, একটি ড্র এবং ছয়টি পরাজয় নিয়ে মুক্তির সংগ্রহ ৩৪ পয়েন্ট। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন তাদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেড তাদের শেষ ম্যাচ খেলবে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলের বিরুদ্ধে।

দুইবারের লিগ চ্যাম্পিয়ন (১৯৯৭ ও ২০০০) মুক্তিযোদ্ধা সংসদ চলতি লিগের প্রথম পর্বের শেষ ভাগে তাদের দীর্ঘদিনের কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করে অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানকে নিয়োগ করে।

কিন্তু ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলের বিরুদ্ধে প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ হন কোটান। প্রথম পর্বের শেষ ম্যাচে ইয়ংমেন্সের বিরুদ্ধে ২-১ গোলে হার মানে মুক্তিযোদ্ধা। তৃতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্বে পয়েন্ট তালিকার নীচের দিকের ছোট দলগুলোর বিরুদ্ধে মুক্তির শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু ব্রাদার্সের বিরুদ্ধে পার পেয়ে গেলেও আবাহনী, মোহামেডান এবং শেখ রাসেলের মত শক্ত প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি।

কোটান দায়িত্ব বুঝে নেয়ার সময় শিরোপা জয়ের স্বপ্ন দেখালেও তার অধীনেই দল চার ম্যাচে পরাজিত হয়। অবশ্য মৌসুমের শুরুটা মোটেই খারাপ ছিলনা তাদের। স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন এবং ফেডারেশন কাপে রানার্স আপ হয়ে নিজেদের লিগ শিরোপার অন্যতম দাবিদার হিসিবে জানান দেয় মুক্তিযোদ্ধা।

সোমবারের একতরফা ম্যাচের ১৫ মিনিটে কাঞ্চনের প্লেসিং শটে গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ছয় মিনিট পর গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন নাইজেরিয়ান স্ট্রাইকার পল। ৩৩ মিনিটে কাঞ্চন তৃতীয় এবং দুই মিনিট পর এনামুল দলের পক্ষে চতুর্থ গোল করেন। মাঝবিরতির আগে জেরিমিয়াহ করেন পঞ্চম গোল।

৭৯ মিনিটে মুক্তিযোদ্ধার হয়ে শেষ গোলটি করেন মিডফিল্ডার বিদ্যুৎ। খেলার শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ওয়ান্ডারার্সের হয়ে একটি গোল পরিশোধ করেন মাসুদ আলম।