যুবরাজ এবং ধোনীর ব্যাটে ভর করে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পেল ভারত
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে রোববার ভিডিওকন ত্রি - দেশীয় সিরিজের নিয়মরক্ষারম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে চার উইকেটের এক কষ্টার্জিত জয় পেয়েছে ভারত।
টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ভারত। শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে অধিনায়ক টাটেন্ডা টাইবুর ৭১, কভেন্ট্রির ৭৪ এবং ব্লিগনটের ৪১ রানে ভর করে ২৫০ রানের লড়াকু ইনিংস গড়ে তোলে জিম্বাবুয়ে।
ভারতীয় বোলারদের মধ্যে আগারকার ৩৪ রানে তিনটি এবং আরপি সিং ৪৪ রানে দুই উইকেট লাভ করেন।
২৫১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে পড়ে ভারত। মাত্র ৩৪ রানের মধ্যে শেওয়াগ, অধিনায়ক গাঙ্গুলি, কাইফ এবং দ্রাবিড় সাজঘরে ফিরে গেলে রীতিমত ধুঁকতে থাকে ভারত।
কিন্তু পঞ্চম উইকেট জুটিতে যুবরাজ ও ভেনুগোপাল রাও এবং ষষ্ঠ উইকেট জুটিতে যুবরাজ ও মহেন্দ্র ধোনীর দু’টি দায়িত্বশীল পার্টনারশীপ ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
যুবরাজ ১২৪ বলে ১২টি চার এবং একটি ছয়ের সাহায্যে ১২০ রান করে এই জয়ে নেতৃত্ব দেন। ভেনুগোপাল ২৭ রান করে রান আউটরে শিকার হলেও উইকেট রক্ষক মহেন্দ্র ধোনী ৬৩ বলে একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৬৭ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত ৬ উইকেট খুইয়ে ২৫৫ রান করে জয় পায় ভারত।
