প্রিমিয়ার ফুটবলে আরামবাগ-শেখ রাসেল ক্রীড়া চক্র পয়েন্ট ভাগাভাগি
শেষ মুহূর্তের গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে হার এড়াতে সক্ষম হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফিরতি পর্বে রোববার দু’দল মুখোমুখি হয়। ম্যাচটি ২ - ২ গোলে অমীমাংসিত হয়।
ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলে এগিয়ে ছিল।
১৭ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে শেখ রাসেল। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে আরামবাগ। দু’দলের মধ্যেকার প্রথম পর্বের খেলাটিও অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।
৩১ মিনিটে নয়নের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। অধিনায়ক রশিদের কাছ থেকে বল পেয়ে গোল করেন নয়ন। ৬১ মিনিটে দলের গোলসংখ্যা দুইয়ে উন্নীত করেন অধিনায়ক রশিদ। তানভীরের পাস থেকে বল পেয়ে বাঁ প্রান্ত থেকে বাঁ পায়ের তীব্র শটে গোল করেন রশিদ।
৬৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে রিন্টুর পাস থেকে চমৎকার প্লেসিং শটে ব্যবধান কমান আরামবাগের মোরশেদ। রিতু ৮৯ মিনিটে হেডের সাহায্যে করেন সমতাসূচক গোলটি।
