ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৫--০ গোলে হারিয়েছে আবাহনী।
আক্রমনভাগের খেলোয়াড় টিপুর হ্যাটট্রিকের সুবাদে প্রিমিয়ার লীগের শুক্রবারের খেলায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৫--০ গোলে পরাজিত করেছে আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় আবাহনীর পক্ষে বাকি দুটি গোল করেন ফরহাদ ও উজ্জ্বল। চলতি লীগে এটি অষ্টম হ্যাটট্রিক।
এ জয়ের ফলে লীগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানেই থাকলো আবাহনী। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যৌথভাবে অস্থান করছে মোহামেডান ও ব্রাদার্স।
একই সংখ্যক ম্যাচ খেলে ঢাকা ওয়ান্ডারার্সের সংগ্রহ ১৩ পয়েন্ট।
শুক্রবারের খেলায় ১৭ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান শাহাজউদ্দিন টিপু। খেলার ২০ মিনিটে ফরহাদ আরো একটি গোল করে ব্যবধান বাড়ান ২--০ তে। খেলার ২৪ মিনিটের মাথায় উজ্জল দলের তৃতীয় গোলটি করেন।
অন্যদিকে ৩৬ মিনিটে দলের চতুর্থ এবং ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন টিপু। খেলা শেষ হওয়ার একমিনিট আগে প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁকি দিয়ে নিজের তৃতীয় গোলটি করেন তিনি।
খেলার ৭৯ মিনিটে ঢাকা ওয়ান্ডারার্স একটি গোলের সূযোগ পেলেও তা কাজে পরিণত করতে ব্যর্থ হয়।
লীগের শনিবারের খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ইয়ংমেন্স ফকিরাপুলের মুখোমুখি হবে।
