২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেহবাগের পর এবার সৌরভ অসুস্থ

ভারতের ড্যাশিং ব্যাটসম্যান বীরেন্দ্রর শেহবাগের পর ‘প্রিন্স অব ক্যালকাটা’ বলে সমধিক পরিচিত ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অসুস্থ হয়ে পড়েছেন। সৌরভের শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 02:49 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণে সৌরভ দলের শরীরচর্চা প্রশিক্ষক গ্রেগরি কিংয়ের নেতৃত্বে বুধবারের সকাল বেলার হাল্কা অনুশীলনেই যোগ দেননি। প্রশিক্ষক কিং দলের বাকি সদস্যদের নিয়ে হোটেলের বাইরে কয়েকবার চক্কর দেন।

হোটেলে সৌরভ সাংবাদিকদের জানান, পরবর্তী ম্যাচের আগে আমাদের হাতে এখনও দু’দিন সময় রয়েছে। আর তাই শুক্রবারের নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতি ম্যাচে আমি খেলছি কিনা সে ব্যাপারে আমি অনিশ্চয়তা ভোগ করছি না।

সৌরভ বিকালের নেট প্র্যাকটিসেও দলের সাথে যোগ দেননি।

জিম্বাবুয়েতেই চলতি তিনজাতির টুর্নামেন্টে সোমবার প্রথমবারের মত জয়লাভের পর ঐ দিন রাত থেকেই সৌরভ অসুস্থতাবোধ করতে থাকেন। জিম্বাবুয়েতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজিত কুমারের সৌজন্যে ভারতীয় ক্রিকেট দলকে দেয়া মঙ্গলবারের নৈশভোজে যোগ দেয়ার কারণে সৌরভের অসুস্থতা আরও বেড়ে যায় বলে ধারনা করা হচ্ছে।

অসুস্থতার কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য শেহবাগকে বিশ্রামে রাখা হয়েছে। তিনিও বুধবারের অনুশীলনে যোগ দেননি। তবে বৃহস্পতিবার নেট প্র্যাকটিসে শেহবাগকে দেখা যেতে পারে বলে দলের ম্যানেজার অমিতাভ চৌধুরী জানিয়েছেন।