২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্নার দুই মিনিটের ভেল্কিতে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মোহামেডানের জয়

দুই গোলের মধ্যে সময়ের ব্যবধান মাত্র দুই মিনিট। এই দুই মিনিটেই মোহামেডানকে বাঁচিয়ে দিলেন মতিউর মুন্না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মুন্নার দুই গোলেই ভর করে বুধবার মুক্তযোদ্ধা সংসদকে হারিয়ে শিরোপা রেসে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে বসে গেল সাদাকালো শিবির। সমানসংখ্যক ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ৩১ পয়েন্ট। একম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন।

শিরোপা জয়ের জন্য মোহামেডানকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন আরেকটি বড় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে তারা। অন্যদিকে বৃহস্পতিবার দিপালীর বিরুদ্ধে খেলা রয়েছে ব্রাদার্সের। ধরেই নেয়া এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় মোহামেডানের কাতারে উঠে আসবে ব্রাদার্স।

দ্বিতীয় পর্বে দুর্বল পারফরম্যান্সের কারণে পিছিয়ে পড়লেও বুধবার আবারও জ্বলে উঠে মোহামেডান। প্রায় ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে জায়ান্ট মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রত্যাশীত জয়টি তুলে নেয় অফিসপাড়ার দলটি।

খেলার শুরু থেকেই মোহামেডান প্লেমেকার মতিউর মুন্না, আসাদ আর আরমান আজিজির সহায়তায় মাঝমাঠের নিয়ন্ত্রন নেয়ার পাশাপাশি ডিফেন্ডার নজরুল, হাসান ও নাইজেরিয়ান পিটার ওদাফকে গড়ে তোলে শক্ত প্রতিরক্ষাবুহ্য। উপরন্তু, দু’টি গোলের উৎসই তৈরী করে দেন অধিনায়ক আলফাজ।

পুরো খেলায় প্রথমার্ধে মোহামেডান তুলনামূলক ভালো খেলা উপহার দিলেও কাংখিত গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে। এই অর্ধে অন্তত দু’বার এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা।

১০ মিনিটে ৩০ গজ দুর থেকে আসাদের বাঁ পায়ের শটটি মুক্তির গোলরক্ষক আমিনুলের হাতে লেগে বাইরে চলে যায়। ৪৫ মিনিটে আবারও গোলের সুযোগ নষ্ট হয়। মুন্নার পাস থেকে বল পেলেও গোলরক্ষক আমিনুলকে একেবারে কাছ থেকে পরাস্ত করতে ব্যর্থ হন সিয়েরা লিয়নের ডোনাল্ড রবার্ট।

বিরতির পর ৭৪ মিনিটে ম্যাচের গোলখরা কাটিয়ে দেন মুন্না। ডান প্রান্ত থেকে আলফাজের ফ্রিকিক থেকে বল পেয়ে হেডের সাহায্যে গোল করে দলকে এগিয়ে দেন মুন্না। দুই মিনিট পর আবারও মুন্নার আ্যাকশন। তবে আলফাজের পাস থেকে বল পেয়ে মুক্তির গোল লক্ষ্য করে প্রথম শটটি নিয়েছিলেন মোহামেডানের বদলী খেলোয়াড় খোকন দাস। ফিরতি বলে তীব্র শটে লক্ষ্যভেদ করেন মুন্না।

৮০ মিনিটে নাইজেরিয়ান জেরিমিয়াহ’র হেড মোহামেডানের নজরুল গোল লাইন থেকে ফিরিয়ে দিলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মুক্তিযোদ্ধাকে।