২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজে ফিল্ডিং ডোবালো বাংলাদেশকে, লঙ্কানদের কাছে টাইগারদের ৮৮ রানের হার

কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে বুধবার ব্যাংক আল ফালাহ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বাংলাদেশ ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ থেকে ছিটকে পড়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ওপেনিং ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস স্লিপে দাঁড়িয়ে দু’টি এবং পরে আরও একটি ক্যাচ না ছাড়লে ম্যাচ রিপোর্টটি হয়ত অন্যরকম লিখতে হত।

শাহরিয়ার অবশ্য পরে দু’টি ক্যাচ লুফে নিয়ে সেই ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু হলে কি হবে দল হেরেছে যথারীতি। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বধ করার স্বপ্ন নিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু বোলাররা লাইন লেন্থ ধরে বল করে গেলেও ফিল্ডারদের পারফরমেন্স ছিল যাচ্ছেতাই। গ্রাউন্ড ফিল্ডিংয়ে বাংলাদেশের ফিল্ডাররা সুনাম অর্জন করলেও বুধবারের ম্যাচে গড়িয়ে যাওয়া বল ধরতে রীতিমত ঝাপাঝাপি করতে হয়েছে বাংলাদেশীদের।

ফিল্ডারদের যখন এই অবস্থা তখন শ্রীলঙ্কান ব্যাটসমানরা উইকেটে থিতু হয়েই বোলারদের সব আক্রমন ভোঁতা করে দিয়ে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা স্থানীয় ব্যাটসম্যান উপল থারাঙ্গা আর জয়সুরিয়া বেশ হেসেখেলে স্কোর বোর্ডকে সচল রাখেন।

তাপসের সাথে নতুন বলে সঙ্গী হন ডেব্যুট্যান্ট সৈয়দ রাসেল। তাপস পরীক্ষিত, কিন্তু ইংল্যান্ড সফরে বোলিংয়ে ঝড় তোলা রাসেলকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। শ্রীলঙ্কানরা উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলেন। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছেই হার মানেন জয়সুরিয়া। ২৬ বলে চারটি বাউন্ডারির সাহয্যে ২৫ রান করে তাপসের একটি দ্রুতগতির বলে তড়িঘড়ি করে ব্যাট নামাতে ব্যর্থ হলে বোল্ড হয়ে যান ক্রমেই ভয়ংকর হয়ে উঠা জয়সুরিয়া।

এরপর থারাঙ্গার সঙ্গে জুটি বাধেন অধিনায়ক আতাপাত্তু। বেশ কিছু বাহারি শট খেলে দলে নিজের অপরিহার্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন থারাঙ্গা। এই জুটি দলের রানকে ১২৭ পর্যন্ত টেনে নিয়ে যান। বাশার বার বার বোলার পরিবর্তন করে এই জুটি ভাঙ্গার চেষ্টা করেছেন, কিন্তু চেঞ্জ বোলার হিসেবে খালেদ মাহমুদ ব্যর্থ হলে তার পাঁচ ওভার শেষ হলে বাংলাদেশের প্রথম সুপার সাব হিসেবে মাঠে নামেন মাঞ্জারুল ইসলাম রানা।

থারাঙ্গা ৮০ বলে আটটি চারের সাহায্যে ৬০ রান করে পার্টটাইম বোলার আফতাব আহমেদের শিকারে পরিণত হন। এরপর অল্প সংগ্রহে ফিরে যান সাঙ্গাকারা। অন্যপ্রান্তে তখনও অবিচল আতাপাত্তু। শেষ পর্যন্ত ৯২ বলে ৫৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে রফিকের বলে জাভেদ ওমরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। মিডল অর্ডারে মাহেলা জয়বর্ধনেও নির্দয়ভাবে শাসন করে গেছেন বাংলাদেশের বোলারদের। ৩৫ বলে ৫০ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন তিনি।

শেষদিকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দ্রুতগতিতে রান তুলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারালে নয় উইকেটে ২৬৯ রানে থেমে যায় তাদের রানের চাকা।

বাংলাদেশের সফল বোলার সৈয়দ রাসেল আর আফতাব আহমেদ, তারা প্রত্যেকেই দুটি করে উইকেট পান। এছাড়া তাপস, রফিক ও রানা একটি করে উইকেট লাভ করেন।

২৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সূচনাটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ১৭ রানে প্রথম উইকেটের পতন। ১৪ রান করে রাসেল আরনল্ডের নিপুন থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন জাভেদ।

বাংলাদেশের হারের ব্যবধানটা আরও বড় হতে পারতো, কিন্তু হয়নি ওপেনার শাহরিয়ার নাফিস আর শেষ দিকে খালেদ মাসুদ, সৈয়দ রাসেল আর দশ নম্বরে তাপস বৈশ্যর ব্যাটসম্যান বনে যাওয়ায় কারণে। বিশেষ করে নবাগত সৈয়দ রাসেল আর তাপসের ব্যাটিং দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নেওয়াদের বড় ধরনের লজ্জায় ফেলে দেয়।

শাহরিয়ার আর খালেদ মাসুদের ব্যাট থেকে এসেছে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৩৯ রান। শাহরিয়ার ৫৯ বলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে দিলশানের বলে কট এন্ড বোল্ড হন।

মিডল অর্ডারে ব্যাটসম্যানরা অমার্জনীয় ব্যর্থতা দেখালে এক পর্যায়ে একশ’র নীচে গুটিয়ে যাওয়ার আশংকা দেখা দেয় বাংলাদেশ শিবিরে। দলের পাঁচজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছতে ব্যর্থ হন। ১২৭ রানে দলের নবম উইকেট পড়ে যাওয়ার পর বহুবার বাংলাদেশের মান বাঁচানো খালেদ মাসুদের সাথে জুটি বাঁধেন তাপস বৈশ্য।

প্রায় ১৬ ওভার লঙ্কান বোলাদের হতাশায় ডুবিয়ে এই জুটি ৫৪টি মূল্যবান রান যোগ করেন দলের স্কোর বোর্ডে। মাঝে সৈয়দ রাসেলের ১৫ বলে ১৫ রানের ছোট্ট অথচ দ্যুতিময় একটি ইনিংস খেলেন। পুরো ম্যাচে আশার আলো বলতে, ১৮১ রানে সব উইকেট না খোয়ানো। মাসুদ ৩৯ আর বৈশ্য ২২ রানে অপরাজিত থেকে যান।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে পেসার মাহরুফ সাত ওভার বল করে ২৯ রান খরচায় তিন উইকেট নিয়ে ছিলেন সফল বোলার। দিলহারা ফার্নান্ডো এবং উপল চন্দনা নেন দু’টি করে উইকেট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও জোটে মাহেলা জয়বর্ধনের ভাগ্যে।

২ সেপ্টেম্বর সিরিজের পরবর্তী ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে।