বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেনা শ্রীলংকা
বাংলাদেশকে মোটেই হালকাভাবে নিচ্ছেনা শ্রীলংকা। অন্তত দলের কোচ টম মুডি বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। দু’দলের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াচ্ছে বুধবার।
মুডির বক্তব্য হচ্ছে, বাংলাদেশকে হালকাভাবে নেয়ার প্রশ্নই উঠেনা, অন্য সব দলের বিরুদ্ধে শ্রীলংকা যেভাবে খেলে বাংলাদেশের বিরুদ্ধেও একই রকম খেলা উপহার দেবে তার দল। মুডি বলেন, বাংলাদেশকে আমরা বেশ গুরুত্বসহকারেই নিচ্ছি।
বাংলাদেশ গত জুনে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করলেও শ্রীলংকা সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে দশ উইকেটে শোচনীয়ভাবে হেরে যায়। এব্যাপারে অবশ্য বাংলাদেশের কোচ ডেভ হোয়াটমোরের চিন্তাভাবনা ভিন্ন। তার মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের জয়ে বিশ্বজুড়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু এটা ভিন্ন সফর, এখানে ব্যক্তিগত পারফরম্যান্সের উপরই জোর দেয়া হবে।
স্বাগতিক দল সম্পর্কে হোয়োটমোরের মন্তব্য হচ্ছে-আমরা এখনও র্যাংকিংয়ে দশ নম্বরে অবস্থান করছি, অন্যদিকে শ্রীলংকা অবস্থান করছে দ্বিতীয় স্থানে, তাছাড়া নিজেদের মাঠে শ্রীলংকা সবসময়ই ভয়ংকর।
তবে বাংলাদেশের মত শ্রীলংকা দলেও ইনজুরি ভর করেছে। প্রথম ওয়ানডের আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত অল রাউন্ডার ফারভেজ মাহরুফকে ফিটনেস টেস্টে উতরাতে হবে। ওপেনার জয়সুরিয়াও ভুগছেন কাঁধের ইনজুরিতে।
এদিকে বাংলাদেশের অন্যতম স্ট্রাইক বোলার মাশরাফি বিন মুর্তজা প্রস্তুতি ম্যাচে পিঠে আঘাত পাওয়ায় প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না। তার জায়গায় দলে তাপস বৈশ্যর অর্ন্তভুক্তি একপ্রকার নিশ্চিত।
তবে দু’দলই পূর্ন শক্তির দল নিয়ে বুধবার মাঠে নামবে এটা বলাই যায়।
