২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলে টিকে থাকার জন্য একটি ড্র দরকার আরামবাগের

আরামবাগ ক্রীড়া সংঘ প্রিমিয়ার ডিভিশন ফুটবলে তাদের অবস্থান প্রায় নিশ্চিত করে ফেলেছে। মঙ্গলবার আরামবাগ ৪-০ গোলে হারায় দিপালী যুব সংঘকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এই জয়ের ফলে ১৬ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৮ পয়েন্ট। পয়েন্ট তালিকার নীচ থেকে তৃতীয় স্থানে থাকা ঢাকা ওয়ান্ডারার্সের ঠিক উপরেই অবস্থান করছে আরামবাগ। তালিকার শেষ তিনটি দল প্রথম বিভাগে নেমে যাবে।

রেলিগেশন এড়াতে এখনও অবশ্য আরামবাগের এক পয়েন্ট দরকার। তাদের খেলা বাকি রয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে। একটি ম্যাচ ড্র করতে পারলেই আরামবাগের প্রিমিয়ার লিগে অবস্থান নিশ্চিত হয়ে যাবে।

দিনের একতরফা ম্যাচে অরামবাগের মোরশেদ এবং রিতু দু’টি করে গোল করেন। ৩৫ মিনিটে মোরশেদ প্লেসিং শটে গোল করে দলকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পর একক প্রচেষ্টায় দ্বিতীয় গোল করেন রিতু।

বিরতির পর রাসেলের কাছ থেকে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে তীব্র শটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন রিতু। ৬৭ মিনিটে আরেকটি প্লেসিং শটে শেষ গোলটি করেন মোরশেদ।