চ্যাম্পিয়ন লড়াইয়ে বুধবার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মাঠে নামছে মোহামেডান
জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই, এমন অবস্থায় বুধবার শিরোপার জন্য মরিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে নামছে।
প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’দলের গুরুত্বপূর্ন ম্যাচটি শুরু হবে ।
গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের চে’ তিন পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে থেকে দ্বিতীয় পর্বের খেলা শুরু করে মোহামেডান। কিন্তু এই পর্বে এসে তাদের দুর্বল পারফরম্যান্সের কারণে শীর্ষস্থানে উঠে আসে ব্রাদার্স (৩৫ পয়েন্ট)।
মোহামেডানের কোচ কাজী জসিমউদ্দিন জোসি মঙ্গলবার বিডিনিউজকে জানান, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হারের কথা ভাবাই যায়না, জয় ছাড়া আমাদের কোন উপায় নেই।
তিনি বলেন, সব ক্লাবেরই একটা খারাপ সময় পার করতে হয়, আবাহনীর বিরুদ্ধে আমরা সেটা পার করে এসেছি। দলের খেলোয়াড়রা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
লিগের এ পর্যায়ে এসে দলের ছন্দপতন সম্পর্কে জোসি জানান, বৃষ্টির কারণে অনুশীলনে এবার বেশ সমস্যা হয়েছে, মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় পাঁচ/ছয় দিন খেলা বন্ধও ছিল, তাছাড়া দলের বেশ কয়েকজন ইনফর্ম ফুটবলার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় দলের এই অবস্থা।
মুক্তির বিরুদ্ধে দলে একটি কিংবা দু’টি পরিবর্তন দেখা যেতে পারে। এদিকে ফর্মে থাকা দলের স্ট্রাইকার মঞ্জু এখন ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।
দ্বিতীয় পর্বের সাত ম্যাচে মোহামেডানের জয় তিনটিতে। বাকি চারটির মধ্যে তিনটি ড্র এবং আবাহনীর বিরুদ্ধে হেরেছে শিরোপা প্রত্যাশীরা।
অন্যদিকে আগের ম্যাচে ব্রাদার্সকে হারানো ছাড়াও দ্বিতীয় পর্বে মোট পাঁচটি জয় নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে মুক্তিযোদ্ধা (৩১ পয়েন্ট)। এই পর্বে তাদের কেবল আবাহনী আর শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে খেলা বাকি রয়েছে।
মুক্তিযোদ্ধার গোলরক্ষক অধিনায়ক আমিনুল বিডিনিউজকে জানান, মোহামেডানের বিরুদ্ধে আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না এবং ব্রদার্সের মত মোহামেড্নাকেও হারানোর শক্তি আমাদের রয়েছে। তিনি বলেন, পয়েন্ট টেবিলে দলের অবস্থান নিয়ে আমি চিন্তিত নই, বুধবারের ম্যাচে মোহামেডানকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে পরিবর্তন আসতেও পারে বলে মনে করেন আমিনুল।
এই পর্বে আবাহনী-মোহামেডান ম্যাচ দেখার পর আমিনুলের মনে হয়েছে দ্বিতীয় পর্বে মোহামেডান আশানুরূপ খেলতে পারছে না। দলে কোন ইনজুরি অথবা সাসপেনশন নেই জানিয়েছেন অধিনায়ক। সুতরাং বুধবারের ম্যাচে পূর্নশক্তির মুক্তিযোদ্ধার সামনে পড়তে যাচ্ছে মোহামেডান।
এটি হবে দু’দলের মধ্যে এই মৌসুমে চতুর্থ সাক্ষাত। এর আগে মুক্তিযোদ্ধা স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপে মোহামেডানের বিরুদ্ধে জয় পেলেও লিগের প্রথম পর্বে হেরে যায় ০-১ গোলে।
