২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট

আগামী বছর ৫ থেকে ১৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় বসবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসর। আসরে ১৬টি দল অংশ নেবে। দুবাইতে আইসিসির নতুন কার্যালয়ে মঙ্গলবার প্রধান নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সভায় আন্তর্জাতিক ক্রিকেটের আগের পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা থেকে সরে এসে ছয় বছর মেয়াদী সংশোধনী পরিকল্পনা প্রণয়নের ব্যাপারেও ঐক্যমতে পৌঁছেছে কমিটি।

আইসিসি প্রধান নির্বাহী ম্যালকম স্পিড জানান, ছয় বছর মেয়াদী পরিকল্পনার খসড়া প্রণয়নের কাজ এগিয়ে চলেছে এবং এবারই প্রথম আইসিসির সদস্য দেশগুলো এ ব্যাপারে তাদের মতামত প্রদান দিতে পারবে।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় আইসিসির পরবর্তী বোর্ড সভায় সদস্য দেশগুলোর মতামত নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্পিড।

অক্টোবরে আইসিসি বিশ্ব একাদশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠেয় ‘সুপার সিরিজে’ ওয়ানডের নতুন নিয়ম প্রয়োগ করার ব্যাপারেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপার সিরিজে মাঠের আম্পায়ার এবং টিভি আম্পায়ারের ক্ষেত্রেও নতুন নিয়ম দেখা যাবে। এই সিরিজে পরিস্কার ক্যাচ, রান আউট এবং স্ট্যাম্পিং ছাড়াও সব ধরনের আউটের ব্যাপারে টিভি আম্পায়ার সিদ্ধান্ত দিতে পারবেন, তবে চুড়ান্ত সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা মাঠের আম্পায়ারের হাতেই থাকছে।