২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

গতবারের চ্যাম্পিয়ন দোলাইর পাড় উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মধ্যেকার প্রদর্শনী ম্যাচ দিয়ে সোমবার প্রাণ কোলা দ্বিতীয় মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান এমপি, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) কাজী মাহতাব উদ্দিন এবং ফুটবল ফেডারেশনের উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালু।

উদেবাধনী দিনের প্রদর্শনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দোলাইর পাড় উচ্চ বিদ্যালয় এক গোলে হারায় গতবারের রানার্স আপ রেসিডেন্সিয়াল মডেল কলেজকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতার জন্য প্রাণ গ্রুপকে ধন্যবাদ জানান। শিক্ষামন্ত্রী দেশের ফুটবলের উন্নয়নে দেশী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোমবার টুর্নামেন্টের উদ্বোধন হলেও মঙ্গগলবার থেকে রাজধানীর ছয়টি ভেন্যুতে টুর্নামেন্টের খেলা মাঠে গড়াবে। ভেন্যুগুলো হচ্ছে-উত্তরা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন মাঠ, ধানমন্ডি ক্লাব মাঠ, মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়াম।

টুর্নামেন্টে রাজধানীর ৬০টি স্কুল অংশ নিচ্ছে। দলগুলোকে পাঁচটি জোনে ভাগ করা হবে এবং প্রতি জোনে চারটি করে গ্রুপ থাকবে। প্রতি গ্রুপের তিনটি দল লিগ পদ্ধতিতে খেলবে।