প্রিমিয়ার হ্যান্ডবলে বিডিআর, মেরিনারের জয়
কিউট ১৩ তম প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে সোমবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব।
প্রথম ম্যাচে বিডিআর ৩৬-১৩ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ১৭-৬ গোলে এগিয়ে ছিল। বিডিআরের খায়রুজ্জামান ১৯ এবং সাইদ পাঁচ গোল করেন। অন্যদিকে ভিক্টোরিয়ার মিলন করেন সাত গোল। বিডিআরের খায়রুজ্জামান সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অপর ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৩৫-৮ গোলে হারায় সূর্যোদয় ক্রীড়া চক্রকে। প্রথমার্ধে মেরিনার ১৪-৪ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের রনি এবং অভিজিৎ যথাক্রমে ১৬ ও নয় গোল করেন। সূর্যোদয়ের সজীব করেন চার গোল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেরিনারের রনি।
