২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ সিরিজে ২-১ এ এগিয়ে গেল ইংল্যান্ড

না শেষ পর্যন্ত কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি। নিজেদের মত করেই অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টটি জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ট্রেন্ট ব্রীজে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেল তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 11:41 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ট্রেন্ট ব্রীজ টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৩৮৭ রান করে ১২৮ রানের লিড নিতে সক্ষম হয়।

ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করতে পেরেছে বিশ্বচ্যাম্পিয়নের তকমা আঁটা অস্ট্রেলিয়া। ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের ৬১ আর অধিনায়ক রিকি পটিংয়ের ৪৮ রানের পর মিডল অর্ডারে মাইকেল কার্ক ও সাইমন ক্যাটিচ মাটি কামড়ে লড়ে যান।

এই দুই ব্যাটসম্যান ধরিস্থিরভাবে খেলে টেস্টের আসল রূপ দেখিয়ে দেন। কার্ক ১৭০ বলে ৫৬ রান করে হোগার্ডের এবং ক্যাটিচ ১৮৩ বলে ৫৯ রান করে হার্মিসনের শিকারে পরিণত হন।

এবারের ইংল্যান্ড সফরে যার ব্যাটের উপর ভর করে অসি দল নিজেদের মুখ রক্ষা করতে পেরেছে সেই শ্যেন ওয়ার্ন এই ম্যাচেও ব্যাটসম্যানদের লজ্জায় ডুবিয়েছেন। ৪২ বলে পাঁচটি চার আর দু’টি ছক্কার সাহায্যে ৪৫ রানের এক ঝড়োগতির ইনিংস খেলেন এই লেগি।

১২৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বোধহয় বিশ্রামের জন্য একটি বাড়তি দিনের আশায় চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে দিতে চেয়েছিলেন। রানের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে দলীয় ৫৭ রানে চারটি উইকেট খুইয়ে ফেলে ইংল্যান্ড। ৫৭ রানেই আউট হন অ্যান্ড্রু স্ট্রস আর ইয়ান বেল।

এরপর ফ্লিনটফ আর পিটারসেন দেখেশুনে খেলতে থাকেন। এই জুটি দলীয় রানকে ১০৩ পর্যন্ত নিয়ে যান। পিটারসেন ২৩ এবং ফ্লিনটফ ২৬ রান করে দু’জনেই বেট লি’র শিকারে পরিনত হন।

তবে এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত হগার্ড আর জাইলস নিরাপদে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সাত উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।