২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলে ফরাশগঞ্জ-ওয়ান্ডারার্স পয়েন্ট ভাগাভাগি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

দু’দলের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।

১৬ ম্যাচ শেষে ফরাশগঞ্জের সংগ্রহ দাঁড়িয়েছে ১৯ পয়েন্ট, অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখনও রেলিগেশনের হুমকির মুখে রয়েছে ওয়ান্ডারার্স। লিগের প্রথম পর্বে ফরাশগঞ্জ ২-১ গোলে হারিয়েছিল ওয়ান্ডারার্সকে।

রোববারের নি®প্রাণ ম্যাচে ১৩ মিনিটে রনির গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। মাঝমাঠ থেকে ওয়ান্ডারার্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন রনি।

বিরতির পর তিন মিনিটের মধ্যেই ওয়ান্ডারার্সের পক্ষে সমতাসূচক গোলটি করেন নাইজেরিয়ান রিক্রুট হেনরি। স্বদেশী প্যাটট্রিকের কাছ থেকে বল পেয়ে মাপা হেডে বল জালে জড়িয়ে দেন হেনরি।

খেলার শেষ বাঁশি বাজার আট মিনিট আগে গোলের একটি সুবর্ন সুযোগ নষ্ট করে ফরাশগঞ্জ। বাঁ প্রান্ত থেকে ফেলিক্সের বাড়িয়ে দেয়া বলে রনি শট নিলেও ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুহেল দৃঢ়তার সাথে তা ফিরিয়ে দেন।