স্কুল ফুটবল শুরু হচ্ছে সোমবার
দেশে ফুটবল তারকা তৈরীর লক্ষ্য সামনে রেখে সোমবার থেকে মাঠে গড়াচ্ছে প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং প্রাণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক টুর্নামেন্টের উদ্বোধন করবেন। ফুটবল ফেডারেশন ভবনে রোববার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেয়া হয়।
সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এস এ সুলতান এমপি, প্রাণ গ্রুপের চেয়ারম্যান লে: কর্ণেল মাহতাবউদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক চৌধুরী কামরুজ্জামান কামাল, ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সহ সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির সভাপতি মুনীর আহমেদ চৌধুরী এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাফুফে সভাপতি এস এ সুলতান বলেন, আমরা এতদিন দায়সারাভাবে ফুটবল খেলেছি। এখন থেকে আসল ফুটবল খেলব।
স্কুল ফুটবল টুর্নামেন্টের ভবিষ্যত সম্পর্কে বাফুফে সভাপতি জানান, এই টুর্নামেন্টের ধারাবাহিকতায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ‘ভিশন বাংলাদেশ’র আওতায় আগামী ফেব্রুয়ারি থেকে সারাদেশে উপজেলা পর্যায়ে স্কুল ফুটবল লিগ চালু করা হবে।
ফুটবল ফেডারেশন ২০০৩ সালেও স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। মাঝখানে এক বছর বিরতির পর আবার বসছে এই আসর।
টুর্নামেন্ট কমিটির সম্পাদক বলেন, খেলোয়াড়দের আরও উন্নত প্রশিক্ষণ দেয়ার জন্য আমরা জানুয়ারিতে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে একটি শিবিরের আয়োজন করব।
টুর্নামেন্টে এবার রাজধানীর ৬০টি স্কুল অংশ নিচ্ছে। দলগুলোকে পাঁচটি জোনে ভাগ করা হবে এবং প্রতিটি জোনে চারটি করে গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপের তিনটি করে দল লিগ পদ্ধতিতে লড়াই করবে।
নগরীর ছয়টি ভেন্যুতে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে-উত্তরা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন মাঠ, ধানমন্ডি ক্লাব মাঠ, মিরপুর ন্যাশনাল বাংলা হাই স্কুল মাঠ, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ এবং বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়াম।
টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে আট লাখ টাকা। এরমধ্যে পৃষ্ঠপোষক প্রাণ গ্রুপ দিচ্ছে চার লাখ টাকা। বাকি টাকার যোগান দেয়া হবে ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে। ফেডারেশনের পক্ষ থেকে অংশগ্রহনকারী দলগুলোকে তিনটি করে ফুটবল, খেলার সরঞ্জাম এবং যাতায়াত খরচ দেয়া হবে।
