ম্যাচ বাঁচাতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে অস্ট্রেলিয়াকে
ট্রেন্টব্রিজে চলতি অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষ হয়ে গেলেও অস্ট্রেলিয়া এখনও খেলায় পুরোপুরি ফিরে আসতে পারেনি। সফরকারী দলকে ফলোঅন এড়াতে আরও প্রয়োজন ৩৭ রান।
আলোর স্বল্পতার কারণে ১৫ আগে শেষ হওয়ার তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করেছে। অপেনার জাস্টিন ল্যাঙ্গারের ধৈর্য্যশীল ৬১ রানের পাশাপাশি ইংল্যান্ডের তারকা খেলোয়াড় অ্যান্ড্রি ফ্লিনটফের (২-৩৩) সাফল্য অব্যাহত রয়েছে।
১৯৮৮ সালের পর ও গত ১৯১টি টেস্টের মধ্যে এই প্রথমবারের মত অস্ট্রেলিয়া ফলোঅনে পড়েছে। ১৭ বছর আগে করাচি টেস্টে শেষবার অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে ফলোঅনে পড়েছিল।
এর আগে সাইমন জোন্সের (৫-৪৪) তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২১৮ রানে। প্রথম ইনিংসে ব্রেট লি দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়া সাইমন কাটিচ করেন ৪৫ রান।
প্রথম ইনিংসের পারফরমেন্সের পুরস্কারস্বরূপ জোন্সকে দ্বিতীয় ইনিংসে ম্যাথু হগার্ডের সাথে বোলিংয়ে গোড়াপত্তন করতে দিলেও জোন্স নামের প্রতি সুবিচার করতে পারেননি। উপরন্তু ইঞ্জুরিতে পড়ে তাকে হাসপাতালে ছুটতে হয়েছে।
অবশ্য অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে সতর্ক সূচনা করে। লাঞ্চের আগে হেডেন-ল্যাঙ্গার ৫০ রান সংগ্রহ করেন। প্রথমে আউট হয়েছেন হেডেন। ২৬ রান করে ফ্লিনটফের বলে থার্ড স্লিপে জাইলসের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
ল্যাঙ্গারের রান যখন ৩৭ তখন ফ্লিনটফের বলেই স্ট্রসের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান। তবে ম্যাচে প্রথমবারের মত বল করতে নামা জাইলসের বলে চা বিরতির অল্প কিছুক্ষণ আগে শর্টে ইয়ান বেলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।
অধিনায়ক রিকি পন্টিং দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছেন। মার্টিনের সাথে ভুল বুঝাবুঝির কারণে অতিরিক্ত খেলোয়াড় গ্যারি প্রাটের কভার থেকে করা সরাসরি থ্রোতে আউট হওয়ার আগে পন্টিং ৪৮ রান করেন।
মার্টিন ১৩ রান করে ফ্লিনটফের বলে উইকেট কিপার জেরান্ট জোন্সের হাতে ক্যাচ দেন।
এখন পর্যন্ত পঞ্চম উইকেট জুটিতে সাইমন কাটিচ ও মাইকেল ক্লার্ক অবিচ্ছিন্ন ৬১ রান সংগ্রহ করেছেন। অবশ্য জাইলসের বলে ক্লার্ক কিপার জোন্সকে একটি স্ট্যাম্পিংয়ের সুযোগ দিয়েছিলেন। কিন্তু জোন্স সে সুযোগ কাজে লাগাতে পারেননি। আলোর স্বল্পতার কারণে ১৫ মিনিট আগে খেলা শেষ হওয়ার আগে কাটিচ ২৪ রানে ও ক্লার্ক ৩৯ রানে ব্যাট করছিলেন।
