ব্রাদার্সকে হারিয়ে প্রথম পর্বে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল মুক্তিযোদ্ধা
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফিরতি পর্বের গুরুত্বপূর্ন ম্যাচে শনিবার শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংঘের বিরুদ্ধে ২-১ গোলে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন।
দু’দলের মধ্যকার প্রথম পর্বের লড়াইয়ে ৩-১ গোলে হারে মুক্তিযোদ্ধা। এই জয়ের মধ্য দিয়ে প্রথম পর্বের পরাজয়ের শোধ ভালোভাবেই নিল মুক্তিযোদ্ধা।
ম্যাচ জিতলে মোহামেডানের সাথে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করার সুযোগ ছিল ব্রাদার্সের। ১৬ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩৫ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় স্থানে এবং ৩১ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা চতুর্থ স্থানে অবস্থান করছে ।
ম্যাচে মুক্তিযোদ্ধার হয়ে জেরিমিয়াহ ও কাঞ্চন দু’টি গোল করেন। অন্যদিকে ব্রাদার্সের পক্ষে একমাত্র গোল করেন অধিনায়ক সুজন।
খেলার নয় মিনিটে জেরিমিয়াহর গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। আরমানের পাস থেকে বল পেয়ে ডান দিকের কর্নার থেকে সরাসরি শটে লক্ষ্যভেদ করেন জেরিমিয়াহ।
পাঁচ মিনিট পরই মুক্তির গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন কাঞ্চন। এই গোলের পেছনে আরমানেরই অবদান বেশি। তার একটি চমৎকার পাস ব্রাদার্সের গোল সীমানার মধ্যে অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা কাঞ্চনের পায়ে গিয়ে পড়ে। কাঞ্চন বাঁ পায়ের শটে ব্রাদার্সের গোলরক্ষককে পরাভূত করে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন।
১৮ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করে ব্রাদার্স। মুক্তির রজনী ব্রাদার্সের এমিলিকে অবৈধভাবে বাধা দিলে রেফারী পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমান অধিনায়ক সুজন।
দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের আক্রমনের ধার বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় তারা গোলের বেশ কিছু ভালো সুযোগও তৈরী করতে সক্ষম হয়। কিন্তু ভাগ্যদেবী প্রসন্ন না থাকায় গোলের দেখা পায়নি চ্যাম্পিয়নরা।
৫৩ মিনিটে এমিলির একটি শটে মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুল সম্পূর্ণ পরাস্ত হলেও রিয়াদ বল ক্লিয়ার করে সে যাত্রায় দলকে বাঁচিয়ে দেন। ৫৫ মিনিটে ব্রাদার্সের গোলবার ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্রাদার্সের ভিক্টর। ৬৫ মিনিটে মুক্তিযোদ্ধার বক্সের ডান প্রান্ত থেকে মনোয়ারের একটি চমৎকার ভলি গোলরক্ষক আমিনুল অসাধারণ দক্ষতার সাথে ফিরিয়ে দিলে ব্রাদার্সের জয়তো দুরের কথা, ড্রয়ের আশাও ভেস্তে যায়।
