পাক ক্রিকেট দলে শৃঙ্খলার স্বার্থে ইনজিকে প্রেসিডেন্ট মোশাররফের পরামর্শ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তান ক্রিকেট দলে শৃঙ্খলার স্বার্থে অধিনায়ক ইনজামাম উল হককে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন।
দলে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইনজামামকে শক্ত ভূমিকা পালন করতে বলেছেন পাক প্রেসিডেন্ট। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সূত্র জানায়, প্রেসিডেন্ট মোশাররফ পাক ক্রিকেট দলের শঙ্খলা প্রশ্নে কঠোর হতে এবং কোন খেলোয়াড় কর্তৃক দলের নিয়ম রীতি লংঘনকে প্রশ্রয় না দেয়ার ব্যাপারে অধিনায়ক ইনজামামকে পরামর্শ দেন।
ইনজিকে দলের শৃঙ্খলা প্রশ্নে কোন ছাড় না দেয়া এবং দল ও খেলার চাইতে কোন খেলোয়াড় বড় নয়-এই সত্য প্রতিষ্ঠা করতে বলেছেন প্রেসিডেন্ট মোশাররফ। আগামী বিশ্বকাপে সাফল্যের প্রধান চাবিকাঠি দলীয় শৃঙ্খলা-ইনজিকে একথাটিই বোঝাতে চান পাক প্রেসিডেন্ট।
সূত্র আরও জানায়, প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তান দলের তারকা ফাস্ট বোলার শোয়েব আখতারের বর্তমান ফর্ম এবং ফিটনেসের ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছেন।
