২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লীগে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে হারিয়ে আবাহনীর জয়

প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ খেলায় শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে একমাত্র গোলে পরাজিত করে অসাধারণ এক জয় পেয়েছে আবাহনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

খেলার ৪৬ মিনিটে ঘানার স্ট্রাইকার মোহাম্মদ আদু ইব্রাহিম একমাত্র গোলটি করে আবাহনীকে জয় এনে দেয়।

অসুস্থ ফুটবলার মনোয়ার হোসেন নান্নুকে সাহায্য করতে ছুটির দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি দেখতে ভীড় জমিয়েছিলেন প্রায় ৩০ হাজার দর্শক।

এ ম্যাচের প্রাপ্ত অর্থ নান্নুর চিকিৎসায় দেয়া হবে।

চলতি সেশনে মোহামেডানের সাথে ৪র্থ সাক্ষাতে আবাহনীর এটি ৩য় জয়।

দ্বিতীয় রাউন্ডে টানা পাঁচ ম্যাচে জয় পাওয়ার কারণে আবাহনীর সংগ্রহ এখন ৩২ পয়েন্ট। যৌথ চ্যাম্পিয়ন মোহামেডান এবং ব্রাদার্স থেকে তারা তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে।

এ ম্যাচে হারার পরেও ৩৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের সাথে শীর্ষে রয়েছে মোহামেডান।

শনিবার মুক্তিযোদ্ধা মোহামেডানের সাথে আরেকটি ম্যাচ খেলবে তারা।

আবাহনীর আর দু’টি ম্যাচ বাকি রয়েছে প্রতিদ্বন্দ্বি ঢাকা ওয়ান্ডারার্স এবং ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের সাথে। বাকি দু'টি ম্যাচেই জয়ের মাধ্যমে রানার্সআপ হওয়ার স্বপ্ন দেখছে আবাহনী।

মোহামেডানের সামনে এখন প্রতিদ্বন্দ্বি মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্স।

অন্যদিকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্রাদার্স। তাদের সামনে একটি দুর্বল দল দিপালী।