২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়োজকদের নিয়ম অনুসরণ না করায় জমেনি ওয়ার্ল্ড সাইবার গেমস বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ ২০০৫

আয়োজকদের নিয়ম ভঙ্গ করায় জমে উঠেনি ওয়ার্ল্ড সাইবার গেমস (ডাব্লিউসিজি) এর বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ পর্ব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শুক্রবার থেকে রাজধানির বসুন্ধরা সিটি শপিং মলে অনুষ্ঠিত তিনদিন ব্যাপি এ প্রতিযোগিতায় আয়োজকরা ১০০০ জনকে চুড়ান্ত পর্বে অংশগ্রহনের সুযোগ দেবার কথা জানালেও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মাত্র ৫১২ জন গেমার ।

ওয়ার্ল্ড সাইবার গেমস কর্তৃপক্ষ খেলায় অংশ গ্রহণের ক্ষেত্রে সবার জন্যে উন্মুক্ত রাখার বিধান করলেও বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান একটি কোম্পানীর সেবা গ্রহণকারিরা শুধুমাত্র খেলায় অংশ নিতে পারবে বলে শর্ত আরোপ করে। ফলে হাজার হাজার সাইবার গেমার অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্ছিত হয়। এছাড়া পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সাইবার খেলায় মূল সফটওয়্যার ব্যবহার করা হলেও ওয়ার্ল্ড সাইবার গেমস (ডাব্লিউসিজি) ২০০৫ এর বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ পর্বে ব্যবহার করা হচ্ছে পাইরেটেড সফটওয়্যার।

শুক্রবার সকালে স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীন ফোনের মার্কের্টিং ডিরেক্টর কাফিল এইচএস মূইদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ প্রতিযোগিতায় দুজন বিজয়ী আগামী সেপ্টেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড সাইবার গেমস অংশ নেবে। ধারণা করা হচ্ছে, বিশ্বের ৭০টি দেশের ৮০০ প্রতিযোগী ডাব্লিউসিজি ২০০৫ গ্রান্ড ফাইনালে অংশ নেবেন।

প্রতিযোগিতায় অংশ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের আয়োজকরা নিয়ম করে, বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ২০০৫ এ অংশ নিতে আগ্রহীদের একটি নির্দিষ্ট মোবাইল নাম্বারে কিছূ সহজ প্রশ্নের উত্তর ডিজ্যুস মোবাইল ফোন থেকে এসএমএস করে পাঠাতে হবে।

বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ নাম হলেও প্রাথমিক পর্বের বাছাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র গ্রামীন ফোনের ডিজ্যুস মোবাইল সেবা ব্যবহারকারিরাই এসএমএস প্রেরণ করতে পারবে এই শর্ত আরোপ করায় অন্য ফোন অপারেটরের সেবা গ্রহণকারি কয়েক হাজার আগ্রহী সাইবার গেমার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।

অন্য অপারেটরের মোবাইল ব্যবহার করায় এই প্রতিযোগিতায় অংশ নিতে না পারা নটরডেম কলেজের ছাত্র সাইফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ নাম দিয়ে শুধূমাত্র একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহকদের খেলার সুযোগ দেওয়া দুঃখজনক। সবার জন্য উম্মুক্ত না হলে বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ নাম হলো কি করে তা আমার বোধগম্য নয়।

শুক্রবারের প্রতিযোগিতায় আগত আরও কয়েকজন তরুণ দর্শকের সঙ্গে কথা হলে তারাও এধরণের মতামত প্রদান করেন।

এই বিষয়ে আয়োজক সংস্থা এফওয়ানের ডিরেক্টর তানভীর আহমেদ জানান, ‘ডিজ্যুস আমাদের স্পন্সর। এজন্য আমরা ডিজ্যুস কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র তাদের মোবাইল ব্যবহারকারিদেরই এই গেমসের এসএমএস পর্বে অংশ নেওয়ার সুযোগ দিয়েছি এবং সেখান থেকে ৫১২ জন চুডান্ত পর্বে খেলছে।

ইন্টারনেট সুত্রে জানা যায়, ডাব্লিউসিজি কর্তৃপক্ষের নির্বাচিত দেশগুলোতে বসবাসকারি ৭ বছরের বেশি বয়সের যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। স্পন্সরের নির্দেশনা অনুযায়ী প্রতিযোগী নির্বাচনের কোন নিয়ম ডাব্লিউসিজির নেই। ওয়ার্ল্ড সাইবার গেমস ২০০৫ এ পাইরেটেড গেমস ব্যবহার করার কোন নিয়মও তাদের ওয়েবসাইটে উল্লেখ নেই।

বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ পর্বে ব্যবহৃত ফিফা ২০০৫ ও নীড ফর স্পীড গেমস দুটি পাইরেটেড। অথচ আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় পাইরেটেড সফটওয়্যার বা গেমস ব্যবহারের কোন নজির নেই। এই বিষয়ে জানতে চাওয়া হলে আয়োজক সংস্থা এফওয়ান ম্যানেজমেন্টের তানভীর আহমেদ বলেন, ‘আমরা ডাব্লিউসিজি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পাইরেটেড গেমস ব্যবহার করছি। ডাব্লিউসিজি’র সকল নিয়ম মেনে গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

২৬ আগষ্ট থেকে শুরু হওয়া এই বাংলাদেশ চ্যাম্পিয়ানশীপ চলবে ২৮ আগষ্ট পর্যন্ত।